আগস্ট ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম ) -- অভিষেক বচ্চন, ডেভিড ধাওয়ান থেকে হেমা মালিনী সকলেই সঞ্জয়ের ৬ বছর সশ্রম কারাদন্ডকে 'বেশি কঠোর শাস্তি দেয়া হয়েছে' বলে উল্লেখ করেছেন।
ডেভিড ধাওয়ান : ২৯ জুলাই আমি আর আমার বউ লালি সঞ্জয়ের জন্মদিনে ওর সঙ্গে ছিলাম। আমরা নিশ্চিত ছিলাম যে ও শাস্তির হাত থেকে বেঁচে যাবে। অনেক মজা করেছি আমরা সেদিন। সঞ্জুর ভাগ্যে কী অপেক্ষা করছে তা আমরা ঠাহরই করতে পারিনি। এর কোন মানে হয় না।
সঞ্জু দেবশিশুর মতো। হাসিমুখে সবাইকে সাহায্য করার জন্য সদাপ্রস্তুত সে। আমাকে সে সাহায্য করেছে অনেক। আপনারা কি জানেন, পরিচালক হিসেবে আমাকে প্রথম ব্রেকটাও ও দিয়েছে। আমি যখন তার ছবি 'নাম' এবং 'জান কি বাজী' ছবির সম্পাদনা করছিলাম তখন ওর উদ্যোগেই আমি প্রথম পরিচালক হিসেবে একটা ছবিতে চুক্তিবদ্ধ হই। শুধু আমি নই, আমার অ্যাসিস্ট্যান্ট অজয়কেও ও পরিচালক বানিয়েছে। সে এতো লোকের জন্য এতো কিছু করেছে যার অর্ধেকও লোকে জানে না।
সঞ্জয়ের খবরটা শোনার পর পুরো ইন্ড্রাস্ট্রি থমকে গেছে। এখন এখানে আর কোন সেলিব্রেশন নেই। কোন প্রিমিয়ার নেই। আমার ছেলেদের খুব ভালবাসতো ও। বাইরে গেলেই উপহার নিয়ে আসতো। এটা যে কী কষ্টকর ব্যাপার। ও'র মাকে হারিয়েছে অল্প বয়সে, বাবাও চলে গেছে, স্ত্রীও। জীবনে এতো কষ্ট পেয়েছে ছেলেটা। এর শেষ কবে?
হেমা মালিনী : ওর জন্য আমার খুবই খারাপ লাগছে। সমস্যা আমাদের সবার জীবনেই থাকে। ওর পরিবার এখন যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে আমি তা অনুভব করতে পারছি। কিন্তু আমাদের কিছু বলার বা করার নেই, আদালতের রায় যে হয়ে গেছে।
অভিষেক বচ্চন : এটা খুবই বাজে একটা ব্যাপার হলো।
প্রিয়াঙ্কা চোপড়া : আমি খুবই শকড। আপসেট। আমি দোয়া করি ওর পরিবার যেন সাহস না হারায়। আমি নিশ্চিত ইন্ড্রাস্ট্রির সবাই ওর জন্য সম্ভব সবকিছু করবে। অসাধারণ মানুষ ও। যেহেতু এর মধ্যে ১৬ মাস জেল খেটেছে সে, আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্ট ওর সাজা লাঘব করবে। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
বিপাশা বসু : আমার খুব মন খারাপ লাগছে। ও অনেক কষ্ট ভোগ করেছে। তার যন্ত্রণা আর বাড়ানোর কোন মানে হয় না। ওর সব বন্ধুরা অসহায় বোধ করছে। কেউ কিছু করতে পারছে না।
রাবিনা ট্যান্ডন : এটা খুবই কষ্টকর বিষয়। আমি অনেক বছর ধরেই ওকে জানি। আমার দেখা সবচেয়ে চমৎকার মানুষ ও। অবস্থার শিকার হয়েছে সে। আইন সবার জন্যই সমান। দেশের আইনের প্রতিও আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু ৬ বছর অনেক কঠিন শাস্তি হয়ে গেলো। ওর যে কোন প্রয়োজনে আমি ও আমার পরিবার ওর পাশে দাড়াবো। এটা আমি অন্তর থেকেই বলছি।
প্রীতি জিনতা : রায় শুনে আমি দারুন মর্মাহত হয়েছিলাম। ওর জন্য অন্তর থেকে দোয়া করছি আমি। ওর কষ্টের অবসান হোক। একটা ভুল করেছে সে, কিন্তু সে তো খারাপ মানুষ নয়। অসাধারন একজন মানুষ সে।
মহেশ ভাট : আমার কাছে এটা একটা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে।
মনোজ বাজপেয়ী : রায় নিয়ে আমি বলার কেউ নই। কিন্তু আমি খুবই মর্মাহত যে এ নিয়ে কথা বলতেও ইচ্ছে করছে না। আমি আশা করি দ্রুততম সময়ের মধ্যে ও জামিন পেয়ে যাবে। আমার পুরো পরিবার শোকাহত। আমরা সবাই তার জন্য দোয়া করছি। ইশ্বর ওর মঙ্গল করুক।
বিক্রম ভাট : ও অনেক কষ্ট ভোগ করেছে জীবনে। সে কিন্তু কোন ক্রিমিনাল না। মহা ঝামেলার সময়ে বোকার মতো একটা ভুল করে ফেলেছে। ওইরকম পরিস্থিতিতে বিচারবুদ্ধি ঠিক রাখাও মুশকিল।
বিপুল শাহ : সবাই জানে পরিবারকে রক্ষা করার জন্যই ও কাজটা করেছিল। আমার কাছে সে খুবই ভাল একটা মানুষ। তবে আইনের দৃষ্টিতে ওটা অপরাধ ছিল। সুতরাং এর দায় এড়ানো যায় না।
কিন্তু জামিনে থাকার সময় তার সদাচরনের দিকে লক্ষ্য রাখলে তাকে আরেকটু কম শাস্তি দেয়া যেতো বোধ হয়।
আরশাদ ওয়ারসি : দুঃখিত, এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। যদি কিছু বলি, মনে হবে বন্ধুর দুর্দশা থেকে আমি ফায়দা ওঠাতে চাচ্ছি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২১০৮ ঘ.
bdnews24