২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গান্ধী, মাই ফাদার' ছবির প্রশংসা পঞ্চমুখ নেলসন ম্যান্ডেলা

দক্ষিন আফ্রিকায় ভারতীয় ছবি 'গান্ধী, মাই ফাদার' এর প্রিমিয়ার উপলক্ষে পাঠানো এক বার্তায় দেশটির সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা বলেছেন ন্যায় ও সত্যের জন্য গান্ধীর লড়াই আমাদের উৎসাহ যুগিয়েছে। বাবা হিসেবে পরিবারে তার ভূমিকা নিয়ে যে ছবিটি নির্মিত হয়েছে তা একইসঙ্গে শিক্ষামূলক ও হৃদয়দ্রাবী। প্রিমিয়ারের আগে ম্যান্ডেলার বার্তাটি উপস্থিত দর্শকশ্রোতাদের পড়ে শোনানো হয়। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 10:17 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

জুলাই ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দক্ষিন আফ্রিকায় ভারতীয় ছবি 'গান্ধী, মাই ফাদার' এর প্রিমিয়ার উপলক্ষে পাঠানো এক বার্তায় দেশটির সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা বলেছেন ন্যায় ও সত্যের জন্য গান্ধীর লড়াই আমাদের উৎসাহ যুগিয়েছে। বাবা হিসেবে পরিবারে তার ভূমিকা নিয়ে যে ছবিটি নির্মিত হয়েছে তা একইসঙ্গে শিক্ষামূলক ও হৃদয়দ্রাবী। প্রিমিয়ারের আগে ম্যান্ডেলার বার্তাটি উপস্থিত দর্শকশ্রোতাদের পড়ে শোনানো হয়। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। রবিবার রাতে জোহানেসবার্গে 'গান্ধী, মাই ফাদার' ছবিটির প্রিমিয়ার হয়। প্রিমিয়ারে দক্ষিন আফ্রিকার প্রেসিডেন্ট থাবো মেকিসহ তার বেশ কিছু মন্ত্রী উপস্থিত ছিলেন। ফিরোজ আব্বাস খান পরিচালিত ছবিতে বিদ্রোহী জেষ্ঠ্যপুত্র হীরালালের সঙ্গে গান্ধীর সম্পর্কটি তুলে ধরা হয়। হীরালালের চরিত্রে অভিনয় করেন অক্ষয় খান্না। নেলসন ম্যান্ডেলা একবার বলেছিলেন, "ভারত আমাদের ব্যারিস্টার গান্ধীকে দিয়েছিল এবং দক্ষিন আফ্রিকা মহামানব মহাত্মা গান্ধী হিসেবে তাকে ভারতের কাছে প্রত্যাপর্ণ করেছে।" প্রিমিয়ারে পাঠানো বার্তায় ম্যান্ডেলা বলেন, "নানা ভাবে বিভিন্ন মাধ্যমে গান্ধীর জীবন সম্পর্কে আমরা পড়েছি, শুনেছি ও দেখেছি। ন্যায় ও সত্যের জন্য তিনি যে সংগ্রাম করে গেছেন তা থেকে অনুপ্রেরণা লাভ করেছি। যা হোক, বাবা হিসেবে পরিবারের সঙ্গে তার সম্পর্কের উপর ভিত্তি করে যে অনন্য কাহিনী তুলে ধরা হয়েছে এ ছবিতে তা শিক্ষামূলক ও হৃদয়দ্রাবী।" ম্যান্ডেলা বলেন, "আমি জানি আমার পরিবার কী ভয়াবহ কষ্ট, তীব্র যন্ত্রণার ভিতর দিয়ে গেছে, কতটা ত্যাগ করতে হয়েছে তাদের। যে কোন স্বাধীনতা সংগ্রামই রাজনৈতিক,সামাজিক ও ব্যাক্তিগত কিছু ত্যাগ দাবি করে। এই মূল্যটুকু আমাদের দিতেই হয়।" ছবিটি প্রিমিয়ারের আগে দক্ষিন আফ্রিকার এই কিংবদন্তীর নেতা তার বাসায় অনিল কাপুর, তার স্ত্রী সুনীতা, ফিরোজ এ খান, অক্ষয় খান্না, ভূমিকা চাওলা, শেফালি শাহ ও দর্শন জারিওয়ালাসহ ছবির কলাকুশলীদের সঙ্গে সাক্ষাৎ করেন। আগস্টের ৩ তারিখে ছবিটি ভারতে মুক্তি পাবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬৫৮ ঘ