জুলাই ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ম্যাকডোনাল্ডস এর খাবার খুব পছন্দ শান মশাইয়ের। কিন্তু ওদের ইংরেজি হাবভাব খুবই বিরিক্তকর ঠেকে তার কাছে। মে আর জুন মাসে দু'বার বেইজিংয়ের ম্যাগডোনাল্ডসে গিয়ে তিনি লক্ষ্য করেছেন ওদের বিক্রয় রশিদে ইংরেজি লেখা থাকে, চীনাভাষা থাকে না। ফলে খাবার সম্পর্কে বিস্তারিত না জেনেই বিল মিটিয়ে দিতে হচ্ছে তাকে। ক্ষুদ্ধ শান তাই মামলা ঠুকে দিয়েছেন ম্যাাকডোনাল্ডসের বিরুদ্ধে। অভিযোগ, খাবার সম্পর্কে তথ্য জানার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তিনি। খবর একটি চীনা বার্তা সংস্থার।
শান পেশায় আইনজীবী। বেইজিং ইয়ূথ ডেইলিকে তিনি বলেন, " ম্যাকডোনাল্ডস চীনে খাদ্য সেবার প্রস্তাব দিচ্ছে অথচ তারা চীনা ভাষা ব্যবহার করছে না। এতে ভোক্তা অধিকার অমান্য করা হচ্ছে।"
তিনি দাবি করেন যে এ জন্য ম্যাকডোনাল্ডসকে পত্রিকায় বিবৃতি দিয়ে এ জন্য ক্ষমা চাইতে হবে। এবং প্রতীকী ক্ষতিপূরণ হিসেবে তাকে দিতে হবে ১ ইয়ান যা ৬ পেন্সের সমান।
শানের অভিযোগের ভিত্তিতে বৃহষ্পতিবার আদালতে এই মামলার কাজ শুরু হয়েছে।
ম্যাকডোনাল্ডস কর্তৃপক্ষ অবশ্য বলছেন যে তাদের বিরুদ্ধে এই অভিযোগ মোটেই ঠিক নয়। তারা চীনে ম্যাকডোনাল্ডসের বিজ্ঞাপনে এবং রেস্টুরেন্টে খাবারের মেনুতে চীনা ভাষাই ব্যবহার করে আসছেন। তাদের সব কর্মচারীরাও চীনা ভাষায় কথা বলেন। তাহলে তাদের কসুরটা কোথায়?
ম্যাকডোনাল্ডস আরো জানায় জুলাই মাস থেকেই তারা তাদের বিক্রয় রশিদেও চীনা ভাষা ব্যবহার করছেন।
চীনে পূর্ব পশ্চিম মিলনের ক্ষেত্রে সাংস্কৃতিক সংঘাতের এটাই প্রথম নমুনা নয়। গত শতকের সত্তরের দশকে অর্থনৈতিক সংস্কার শুরুর পর থেকে থেকেই এটা জানান দিচ্ছে।
এ মাসের গোড়ার দিকে চীনাদের দীর্ঘদিনের প্রতিরোধের মুখে বেইজিংয়ের কেন্দ্রস্থলে স্টারবাক তাদের কফি শপ বন্ধ করে দিতে বাধ্য হয়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭১২ ঘ
bdnews24