জুলাই ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- এডলফ হিটলারের লেখা 'মেইন কেম্প' বইটি পুনঃপ্রকাশের জন্য জোর প্রচারণা চালাচ্ছেন এক জর্মন ঐতিহাসিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজ পর্যন্ত জার্মানিতে ওই বই প্রকাশের জন্য কেউ আগ্রহ ব্যক্ত করেনি। ঐতিহাসিকের ওই প্রচারণায় ক্ষুদ্ধ হয়েছে ইহুদী গোষ্ঠীগুলো।
ঐতিহাসিক প্রফেসর হোর্স্ট মোলারের বক্তব্য, বেশি দেরি করে ফেললে বিতর্কিক বইটি পরে উত্তেজনা বা চাঞ্চল্য তৈরি করতে পারে। ইহুদী গোষ্ঠীগুলো বলছে, এতো তাড়াতাড়ি এই বই প্রকাশ করলে তা হলোকাস্টে বেঁচে যাওয়া নির্যাতিতদের মর্মবেদনাকে বাড়িয়ে দেবে। জার্মানি সম্পর্কে তাদের মনে ভুল ধারনাও তৈরি হতে পারে।
১৯২৩ সালে এক ব্যর্থ অভ্যূত্থানে ধরা পরার পর বাভারিয়ার জেলখানায় থাকাকালে হিটলার এই সুবৃহৎ গ্রন্থখানি রচনা করেন। এ বইয়ে জার্মানদের শ্রেষ্ঠত্ব বিষয়ে তার মতবাদ এবং সোভিয়েত ইউনিয়ন দখল করার পরিকল্পনা তুলে ধরেন হিটলার।
১৯২৫ সালে প্রথম প্রকাশিত হয় বইটি। ১৯৩৩ সালে হিটলার ক্ষমতায় আসার পর বইটির একটি বিশেষ সংস্করণ স্কুলপাঠ্য হিসেবে অন্তর্ভূক্ত হয়।
বর্তমানে এ বই আর সাধারণের কাছে বিক্রি করা হয় না। কেবল অ্যাকাডেমিক প্রয়োজন প্রমাণ করতে পারলেই কেউ বইটি পেতে পারেন। বইটির স্বত্ত্বাধিকারী জার্মানির বাভারিয়া রাজ্য এর নতুন কোন কপি মুদ্রণ নিষিদ্ধ করেছে বহু আগেই।
বাভারিয়ার ওই স্বত্ত্বাধিকার ২০১৫ সাল পর্যন্ত বলবৎ থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিত্রবাহিনীই এই সীমা বেঁধে দিয়েছিল। ২০১৫ সালের পর যে কেউ এই বই ফের প্রকাশ করতে পারবে।
মিউনিখ ইনস্টিটিউট অফ কন্টেম্পোরারি হিস্টরির পরিচালক প্রফেসর হোর্স্ট মোলার বলেন, "অতোদিন অপেক্ষা করাটা ঝুঁকিপূর্ন হয়ে যাবে।"
মোলার রয়টার্সকে বলেন, " অতোদিন অপেক্ষা করার পর বইটি প্রকাশ করা হলে আপনি নিশ্চিত থাকেন, ওই বই তখন হটকেকের মতো বিক্রি হবে।"
তিনি বলেন যে বর্তমানে এই বইয়ের উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করে রাখা হয়েছে তা এই বইকে ঘিরে এক রহস্যের বাতাবরণ তৈরি করেছে। তিনি টীকাভাষ্যসহ একটা নতুন সংস্করণ মুদ্রণের ব্যাপারে সুপারিশ করেন যেখানে এই বইয়ের সমালোচনামূলক মন্তব্য যুক্ত থাকবে।
এভাবে করলে, তার মতে, ২০১৫ সালে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর এই বইয়ের আর কোন আবেদন থাকবে না।
তবে জার্মানির ইহুদি সংগঠন সেন্ট্রাল কাউন্সিল অফ জ্যুস এর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর সালোমন কর্ন ওই ঐতিহাসিকের বক্তব্যের বিরোধিতা করে রয়টার্সকে বলেন, "আমি মনে করি এই বই পুনঃমুদ্রণ করার সিদ্ধান্ত নেওয়া হলে সেটা ভুল হবে। আমি যে বিপদটা দেখতে পাই তা হলো, প্রায় প্রতীকের মতো এই বইটি যদি ফের জার্মানির সহায়তায় ছাপা হয় তাহলে অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে।"
কর্ন মনে করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেঁচে যাওয়া মানুষগুলি এই বইয়ের প্রকাশনায় আহত বোধ করতে পারেন।
'মেইন কেম্প' এর অর্থ হলো 'আমার সংগ্রাম'। অনলাইনে বইটি সহজলভ্য। ইজরায়েলসহ অধিকাংশ দেশেই বইটি বহুবার ছাপা হয়েছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮০৪ ঘ
bdnews24