জুলাই ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এভারেস্টবিজয়ী হিসেবে নাম লেখাতে চান? পাহাড়ে ভ্রমণের কিছু অভিজ্ঞতা, বসকে মেনে চলার মানসিকতা ও আর ৪০ হাজার ডলার খরচ করার সামর্থ যদি থাকে তাহলে রাসেল ব্রাইস হয়তো আপনাকে সাহায্য করতে পারবেন। নিউজিল্যান্ডের এই অভিযাত্রী এখন এভারেস্ট বিজয়ে ইচ্ছুক সাধারণ অভিযাত্রীদের নিয়ে যাচ্ছেন অভিযানে। খবর একটি ভারতীয় ওয়েবসাইটের।
১৯৫৩ সালে স্যার এডমন্ড হিলারী ও তেনজিং নোরগে প্রথমবারের মতো বিশ্বের সর্ব্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেন। এরপর এই শৃঙ্গকে কেন্দ্র করে নানাভাবে নানাদিক দিয়েই তৈরি হয়েছে নানাবিধ রেকর্ড। ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু এই শৃঙ্গ ৩ হাজার বার মানুষের পদানত হয়েছে। সবচেয়ে বেশি মানুষ (৫৩০জন) এই চূড়ায় উঠে নতুন আরেকটা রেকর্ড গড়েছেন এই বসন্তে।
সমুদ্রপৃষ্ঠের তুলনায় এক তৃতীয়াংশ অক্সিজেন ফুসফুসে নিয়ে এভারেস্টের মরণফাঁদগুলো পারি দিতে গিয়ে প্রাণ হারায় অসংখ্য মানুষ।
প্রতিবছরই এভারেস্ট বিজয়ীর সংখ্যা বাড়লেও এখনো বিশ্বের অন্যতম চ্যালেঞ্জ হয়ে আছে এই চূড়া অভিযাত্রীদের কাছে।
৫৫ বছর বয়স্ক ব্রাইস বলেন, "ব্যাপারটা শুধু শারিরীক ফিটনেসের নয়। এভারেস্টে চড়তে চাইলে মাসনিকভাবেও ফিট হতে হবে। আপনাকে হতে হবে দৃঢ়প্রতিজ্ঞ। জানতে হবে নিজের শরীরকে, সচেতন থাকতে হবে নিজের যোগ্যতা সম্পর্কে, ঘুরে দাড়ানোর আগে কতদূর যেতে পারবেন আপনি সেটা নিজের কাছে পরিষ্কার থাকতে হবে। "
এই বসন্তে এভারেস্টে চড়তে গিয়ে মারা গেছেন ৭জন। গত বছর হারিয়ে গিয়েছিলেন ১১ জন।
ক্লায়েন্টদের কাগজপত্র পরীক্ষা করার পর তাদের মেডিক্যাল পরীক্ষা নিরীক্ষা করেন ব্রাইস। তারপর তার আরোহণের অভিজ্ঞতা তুলে ধরেন তাদের কাছে। এবং এরপর তাদের সঙ্গে এক চুক্তিপত্রে সাক্ষর করেন যেখানে স্পষ্ট করে লেখা থাকে যে তার ক্লায়েন্টরা অভিযানকালে তার সমস্ত নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলবেন। এমনকি চূড়ার কয়েক মিটার কাছ থেকেও তিনি যদি সিদ্ধান্ত নেন ফিরে আসার তাহলে সেটাও মেনে নিতে হবে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭১৪ ঘ
bdnews24