জুলাই ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- "মাদ্রাসা মানেই মৌলবাদ নয়, আবার মাদ্রাসার বাইরেও মৌলবাদ আছে এবং মাদ্রাসার মধ্যে যে মৌলবাদ আছে তার জন্য শুধু মাদ্রাসাই দায়ী নয়।" রোববার ভারতের আনন্দবাজার পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন বাংলাদেশের খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদ।
বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে লাল মসজিদ ঘটনার প্রেক্ষিতেই আনন্দবাজার পত্রিকায় সাক্ষাৎকারটি ছাপা হয়।
সাক্ষাৎকারের শুরুতেই লাল মসজিদের ঘটনার উল্লেখ করে এ ধরনের সেনা অভিযান দিয়ে মৌলবাদ ঠেকানো সম্ভব কিনা জানতে চাইলে তারেক বলেন, "আমি রাজনৈতিক বিশ্লেষক নই। তবে মৌলবাদের শিকড় অনেক গভীরে। এর পিছনে অর্থনৈতিক শক্তিগুলির বড় ভূমিকা আছে। মৌলবাদকে ঠেকাতে গেলে সেই ব্যাপারটা মাথায় রেখেই এগোতে হবে।"
অত্রি মিত্রের কাছে দেয়া সাক্ষাৎকারে তারেক নিজের মাদ্রাসা জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, " আমাকে মাদ্রাসায় পাঠানো হয়েছিল। আমি যে সাত বছর মাদ্রাসায় কাটিয়েছি, বিশেষত '৬৯ এর গন আন্দোলনের সময় দেখেছি, মাদ্রাসা শিক্ষকদের ভয় ছিল, কমিউনিস্টরা ক্ষমতায় এলে মাদ্রাসা তুলে দেবে। আমি কওমি (গোঁড়া) মাদ্রাসায় পড়েছি। সেখানে গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ইংরেজি এমনকি, বাংলাও পড়ানো হতো না। সেখানে কিন্তু ইসলামের নামে রাজনীতিও নিষিদ্ধ ছিল। অন্য দিকে আলিয়া (আধুনিক) মাদ্রাসায় ইসলামি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষারও সুযোগ ছিল। আর এই ধরনের মাদ্রাসাই রাজনৈতিক ইসলামের আখড়া হয়েছে --- তখনও, এখনও।"
তারেক শুধু মাদ্রাসার নয়, সামগ্রিক শিক্ষাব্যবস্থারই সংস্কার দরকার বলে মনে করেন। তিনি বলেন, "আমি মনে করি, মূল শিক্ষাব্যবস্থার সঙ্গে মাদ্রাসাকে সমন্বিত করা দরকার।"
শুধু অনুশাসন নয়, ধর্মের সংস্কৃতির দিকটাও শেখা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
৯/১১ এর পর সারা দুনিয়াতেই মুসলমানদের অন্য চোখে দেখা হচ্ছে। মাদ্রাসাগুলিকে জঙ্গি তৈরির আখড়া বলে মনে করছেন অনেকে। মাদ্রাসাকেই জঙ্গিদের ঘাঁটি করা হচ্ছে এরকম অভিযোগ তুলেছেন কেউ কেউ। এই দৃষ্টিভঙ্গির সমালোচনা করে তারেক বলেন, " খুব কম মাদ্রাসাকেই কিন্তু ঘাঁটি করা হয়েছে। সন্ত্রাসের মতাদর্শ মূলত মাদ্রাসার বাইরে থেকেই এসেছে। রাজনৈতিক ইসলামের এই তাত্ত্বিকরা মাদ্রাসার শিক্ষা ও সংস্কৃতি থেকে অনেক দূরে, বরং পশ্চিমের অনেক কাছের।"
এই সমস্যার সমাধান স্থানীয়ভাবে খোঁজা ঠিক হবে না বলে মনে করেন তারেক।
তারেক বলেন, "আইডেন্টিটির অতিসরলীকরণের জন্যই কিন্তু পশ্চিমা দুনিয়ায় একটা ধারণা চালু হয়েছে, মুসলামান মাত্রই জঙ্গি।
তার 'মাটির ময়না' চলচ্চিত্র প্রসঙ্গে পরিচালক বলেন, ""আমি কিন্তু ধর্ম থেকে বেরিয়ে গিয়ে কিছু করতে চাইনি। ফলে ধর্ম নিয়ে যারা রাজনীতি বা ব্যবসা করেন তারা খুশি হননি। জনতা কিন্তু ছবিটা নিয়েছে।"
এই আংশিক আত্মজৈবনিক ছবিতে তারেক মাদ্রাসার জীবনের চিত্রটি বিশ্বস্ততার সঙ্গে তুলে ধরেন।
প্রসঙ্গত একটি ঘটনার কথাও উল্লেখ করেন তারেক। "আমেরিকায় আমার ছবি দেখানো হয়েছে। ছবি দেখে পাশের এক রেস্তোরাঁয় খাচ্ছি। এক মহিলা এসে বললেন, আপনার ছবি দেখে খুব লজ্জা পেয়েছি। জানতাম, আপনাদের দেশ মানেই মৌলবাদ। কিন্তু সেখানে এতো উন্নত গ্রামীণ সংস্কৃতি রয়েছে, জানতাম না। আমি বললাম, আপনি অপরাধবোধে ভুগবেন না। আমাদের দেশেরও অনেকে এ কথা জানেন না।"
তারেক মাসুদ বলেন, "ধর্ম নিরেপক্ষতাকে খুব সঙ্কীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে দেখি আমরা। ধর্মনিরপেক্ষ হতে গেলে ধর্মের প্রতি আমাদের সহিষ্ণু হতে হবে।"
বুদ্ধিজীবীরা সাধারণত ধর্মনিরেপেক্ষতার ঝান্ডা ওড়ানোর সময় ধর্মপরায়ণ, হতদরিদ্র, দুর্বল মানুষ থেকে শুরু করে মুন্সি, ফকির, বাউল এমনকি মোল্লাতন্ত্র ও গ্রন্থসর্বস্ব প্রতিষ্ঠানকে একাকার করে ফেলেন। এই প্রবণতা থেকে বেরিয়ে আসা দরকার বলে মন্তব্য করেন তিনি।
তারেক বলেন, "বুদ্ধিজীবীরা যেন দয়া করে মার্ক্সকে 'মিসকোট' না করেন। মার্ক্স বলেছিলেন, 'ধর্ম সাধারণ মানুষের দীর্ঘশ্বাস, আত্মাহীন সমাজের আত্মা, হৃদয়হীন জগতের হৃদয়। ধর্ম জনমানসের জন্য আফিমের মতো।"
"আগে পরের বহু সংবেদনশীল বক্তব্য এড়িয়ে কাঠমোল্লা কমিউনিস্টরা এই লাইনটি উদ্ধৃত করে বিকৃতি ঘটান। এই ধরনের আংশিক উদ্ধৃতি ভুলের ইতিহাস সৃষ্টি করে এবং এর জন্য চড়া মাসুল দিতে হয়।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৪৩৯ ঘ
bdnews24