জুলাই ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জন্মহার কমে যাওয়া ও বয়স্ক নাগরিকদের সংখ্যা হু হু করে বেড়ে যাওয়ায় বিপাকে পরেছে পর্তুগাল। বয়ষ্ক জনসংখ্যার বিচারে পর্তুগাল এখন বিশ্বের সপ্তম দেশ। দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থা বুধবার এক প্রতিবেদনে জানায়, আগে যেখানে গড়ে একজন পর্তুগীজ রমণীর ১.৪১টি সন্তান ছিল সেখানে এখন তার পরিমান ১.৩৬। খবর একটি পশ্চিমা বার্তা সংস্থার।
গত ২০ বছর ধরেই দেশটিতে জন্মহার কমতির দিকে। এর গতি যদি বর্তমানের মতোই থাকে তাহলে ২০৫০ সাল নাগাদ পর্তুগালের জনসংখ্যা এক চতুর্থাংশ কমে তাদের লোকসংখ্যা দাড়াবে ৭৫ লাখে।
১৯৮৭ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত জন্মহার কমে যাওয়ার জন্য মহিলাদের বেশি বয়সে সন্তান নেওয়ার প্রবণতাকে দায়ী করা হয়।
বছর বিশেক আগেও দেশটির ২০ থেকে ২৯ বছর বয়সী মেয়েদেরে মধ্যে সবচেয়ে বেশি গর্ভধারণের প্রবণতা লক্ষ্য করা গেছে। কিন্তু ২০০৫ সাল ও ২০০৬ সালে দেখা গেছে গর্ভবতী মহিলাদের বয়স ৩০ থেকে ৩৪ বছরের মধ্যে।
বিশেষজ্ঞরা বলেন যে, মেয়েদের চাকরি ক্ষেত্রে অনিশ্চয়তাই নিু জন্মহারের মূল কারণ। পর্তুগালের বিপুল সংখ্যক বয়স্ক জনসংখ্যা আগামীতে দেশটির পেনশন ব্যবস্থায় গুরুতর সমস্যা তৈরি করবে বলে বিশেষজ্হরা সতর্ক করে দিয়েছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৪৪৯ ঘ
bdnews24