জুলাই ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বর্তমানে ইংরেজি ছাড়াও জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা হিসেবে স্বীকৃত রয়েছে ফরাসী, রুশ, চীনা ও আরবি ভাষা। জাতিসংঘের সদর দফতরে আয়োজিত এক হিন্দি সম্মেলনের কারণে অনেকে অনুমান করছেন হিন্দি ভাষাও খুব শিগগিরই জাতিসংঘের আনুষ্ঠানিক ভাষা হতে যাচ্ছে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
হিন্দি ভাষার লেখক, কবি, বুদ্ধিজীবী তথা সকল হিন্দি প্রেমিকদের জন্য এটা একটা সুখবরই বটে! নিউ ইয়র্কে অষ্টম বিশ্ব হিন্দি সম্মেলন শুরু হতে যাচ্ছে এ সপ্তাহেই। এই সম্মেলন বিশ্বব্যাপী হিন্দি ভাষার বিস্তারে বিশেষ ভুমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে।
১৩ জুলাই থেকে শুরু হওয়া তিনদিনব্যাপী এই সম্মেলনে হিন্দির ঐতিহ্যকে আরো জোরদার করার চেষ্টা চলবে। পাশাপাশি ১ হাজারেরও বেশি হিন্দি ভাষার পন্ডিত ও সমর্থকদের নিয়ে ভাষাটির উন্নয়নে পদ্ধতিগতভাবে কী কী করা যেতে পারে তা নিয়ে আলোচনা হবে।
ভারতের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী আনন্দ শর্মা এই সম্মেলনের উদ্ধোধন করবেন। এবারই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন।
'জাতিসংঘে হিন্দি' শীর্ষক একটি অ্যাকাডেমিক সেশন অনুষ্টিত হবে জাতিসংঘের সদর দফতরে। অনুষ্টানের বাকী অংশ হবে শহরতলী ম্যানহাটনে।
ভারতের কনসাল জেনারেল নিলম দেও এ প্রসঙ্গে বলেন, "এই সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠান যে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ন একটা ব্যাপার। এর ফলে বিশ্ব সংস্থাগুলিতে আনুষ্ঠানিক ভাষা হিসেবে হিন্দি চালু করার দাবি আরো জোরদার হবে।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২০২৭ ঘ
bdnews24