২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বৌ কাঁধে নিয়ে' দৌড় প্রতিযোগিতায় এবারো এস্তোনিয়া শীর্ষে

ইউরোপ, আমেরিকা অর্থাৎ পশ্চিমি দুনিয়ায় নানা উদ্ভট খেলার প্রচলন রয়েছে। ঢাকঢোল পিটিয়ে এসব খেলার আন্তর্জাতিক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়! এরকমই একটি প্রতিযোগিতা- 'বৌ কাঁধে নিয়ে দৌড়' রোববার অনুষ্ঠিত হয়ে গেলো ফিনল্যান্ডে। এতে এস্তোনিয়া স্বর্ণ ও রৌপ্য পদক লাভ করে। বৃষ্টি এবং প্রতিকূল অবস্থার মধ্যে অনুষ্ঠিত এ দৌড় প্রতিযোগিতায় বৌটি পা দিয়ে স্বামীর গলা আকড়ে, মাথা নিচের দিকে রেখে পিঠ বরাবর ঝুলে থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 08:38 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

জুলাই ৯, সংকাজারভি, ফিনল্যান্ড (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ইউরোপ, আমেরিকা অর্থাৎ পশ্চিমি দুনিয়ায় নানা উদ্ভট খেলার প্রচলন রয়েছে। ঢাকঢোল পিটিয়ে এসব খেলার আন্তর্জাতিক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়! এরকমই একটি প্রতিযোগিতা- 'বৌ কাঁধে নিয়ে দৌড়' রোববার অনুষ্ঠিত হয়ে গেলো ফিনল্যান্ডে। এতে এস্তোনিয়া স্বর্ণ ও রৌপ্য পদক লাভ করে। বৃষ্টি এবং প্রতিকূল অবস্থার মধ্যে অনুষ্ঠিত এ দৌড় প্রতিযোগিতায় বৌটি পা দিয়ে স্বামীর গলা আকড়ে, মাথা নিচের দিকে রেখে পিঠ বরাবর ঝুলে থাকে। আর স্বামী তাকে নিয়ে দৌড়ায়। খবর একটি ইউরোপিয় বার্তা সংস্থার। সেন্ট্রাল ফিনল্যান্ডের সংকাজারভিতে অনুষ্ঠিত এ দৌড় প্রতিযোগিতায় ১২টি দেশের ৪৪ জোড়া দম্পতি অংশগ্রহন করেন। এটি প্রতিযোগিতার বারতম আসর । ফিনল্যান্ডের কিংবদন্তির দস্যু রসভো রেনকেইনেন এর স্মরণেই এ প্রতিযোগিতার প্রচলন করা হয়। তার দলে কেউ ঢুকতে চাইলে রেইনকেন তাকে পিঠে বালির বস্তা দিয়ে জঙ্গলের মধ্যে দৌড়াতে বলতেন। এতে যারা টিকে থাকতে পারতো তাদেরই তিনি কেবল তার দলে নিতেন। কেউ কেউ বলেন, এক সময় ফিনল্যান্ডের কোন কোন এলাকায় প্রণয়প্রার্থীরা দৌড়ে কনের গ্রামে যেতেন এবং তাকে কাঁধে তুলে নিয়ে এসে নিজের গ্রামে রাখতেন। সেই আচার স্মরণে রেখেই এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এর আধুনিক সংস্করণে পুরুষকে বৌ কাঁেধ নিয়ে ২৫০ মিটার দূরত্ব অতিক্রম করতে হয়। এবং কর্দমাক্ত মাঠে বেশ কিছু প্রতিবন্ধকতাও থাকে। এস্তোনিয়ান মাদিস ইউসর্জ এবং ইঙ্গা ক্লাউসন জুটি ৬১ দশমিক ৭ সেকেন্ড সময় নিয়ে ১ম স্থান অধিকার করেন। মাদিস ইউসর্জ গতবারের বিজয়ী মার্গো ইউসর্জের সহোদর। মার্গো গতবার ৫৯ দশমিক ৯ সেকেন্ড দৌড় শেষ করে রেকর্ড করেন। মাদিস বলেন "এটা অসাধারণ অনুভুতি যে আমরা জিতেছি। এই নিয়ে আমি পাঁচবার এ প্রতিযোগিতায় অংশ নিয়েছি এবং দুইবার পুরস্কার জিতেছি। তবে এবারই প্রথম নিজের ভাইকে টেক্কা দিতে পেরেছি।" মার্গোও কম যাননা , ২০০৬ সহ তিনি এ প্রতিযোগিতার পাঁচ বারের চ্যাম্পিয়ন। তবে গতবারের চেয়ে এবার তুলনামূলকভাবে ভারী আয়ারল্যান্ডের জুলিয়া গেলভিনকে নিযে দৌড়িয়ে এবার তিনি ২৯তম স্থান দখল করেন। তিনি বলেন " গত বছর বিজয়ী হওয়ার পর বলেছিলাম এবারও আমি জুলিযাকে নিযে দৌড়াবো, আমি আমার কথা রেখেছি।" বিজয়ী দম্পতি পুরস্কার হিসেবে একটি প্লাজমা টেলিভিশন এবং ক্লাউসনের ওজনের সমপরিমান ৪৯ কেজি বিয়ার জিতে নেন। ওহাইও থেকে আসা মার্কিনি জেমস্ লেফারটি বলেন," আমার উদ্দেশ্য ছিল মজা করা এবং এ থেকে নিশ্চয়ই আমার বাচ্চারা এবং দর্শকরাও মজা পেয়েছে।" এ প্রতিযোগিতার উদ্দেশ্য কি? এ প্রশ্নের উত্তরে এর আয়োজক ভেইক্কো টারভোনেন মুচকি হেসে বলেন, "এই ছোট্ট শহর সংকাজারভির সর্বত্র আনন্দের রং ছড়িয়ে দেওয়া।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এমডিএস/এমআইআর/১৪২০ ঘ