জুলাই ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) --- নিউ দিল্লি আর আমস্টারডামের পর এবার বিশ্বের পুস্তক রাজধানী হিসেবে নির্বাচিত হয়েছে বৈরুত। ইউনেস্কো ২০০৯ সালের জন্য বৈরুতকে এই সম্মাননা জানালো। বই ও বইপাঠকে উৎসাহিত করার জন্য কয়েক বছর ধরেই এই উদ্যোগ নিয়ে আসছে ইউনেস্কো। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
প্যারিসে এ সপ্তাহে তাদের সভা শেষে ইউনেস্কোর নির্বাচক কমিটি জানায়, সাংস্কৃতিক বৈচিত্র্য, সংলাপ ও সহনশীলতার ঐতিহ্যের কথা বিবেচনা করেই বৈরুতকে বেছে নেওয়া হয়েছে।
কমিটির সভায় বিভিন্ন সংস্থা ছাড়াও পুস্তক শিল্পের সঙ্গে জড়িত শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোসহ ইন্টারন্যাশনাল পাবলিশার্স এসোসিয়েশন, ইন্টারন্যাশনাল বুকসেলারস ফেডারেশন ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ লাইব্রেরি এসোসিয়েশনস অ্যান্ড ইনস্টিটিউশনস এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইউনেস্কোর মহাপরিচালক কোচিরো মাৎসুরা বৈরুতের উচ্ছসিত প্রসংশা করে বলেন যে, শান্তিপূর্ন সহাবস্থানের জন্য কঠোর সংগ্রাম চালিয়ে যাচ্ছে এ শহর। সমস্যা সমাধানের জন্য সংলাপের প্রতি তাদের আস্থা সর্বজনবিদিত। অন্য যে কোন স্থানের তুলনায় এই অঞ্চলে সংলাপের গুরুত্ব অধিক।
তিনি বলেন, এরকম লক্ষ্য অর্জনের পথে বই সক্রিয় সহযোগিতা যোগাতে সক্ষমতার পরিচয় দিয়ে এসেছে।
ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসেবে বৈরুত নবম শহর। এর আগে এ মর্যাদায় অভিষিক্ত হয়েছে মাদ্রিদ (২০০১), আলেকজান্দ্রিয়া (২০০২), নিউদিল্লি (২০০৩), অ্যান্টার্প (২০০৪), মন্ট্রিল (২০০৫), তুরিন ( ২০০৬), বোগোটা (২০০৭), আমস্টারডাম (২০০৮)।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২১০৪ ঘ
bdnews24