জুলাই ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ রয়টার্স ) -- বিতর্কিত লেখক সালমান রুশদীর সঙ্গে তার স্ত্রী টেলিভিশন উপস্থাপিকা ও মডেল পদ্ম লক্ষীর বিচ্ছেদ হতে চলেছে। রুশদীর মুখপাত্র সোমবার জানিয়েছেন এ খবর। বিতর্কিত নাইটহুড প্রাপ্তির ২ সপ্তাহের মাথায় ঘটলো এই ঘটনা।
৬০ বছর বয়স্ক 'দি স্যাটানিক ভার্সেস' এর লেখক রুশদী ১৯৭০ সালে জন্ম নেয়া সাবেক মডেল লক্ষীকে বিয়ে করেন ২০০৪ সালে। এটি ছিল লক্ষীর প্রথম এবং রুশদীর চতুর্থ বিয়ে।
রুশদীর মুখপাত্র জিন আউ তার পক্ষে এক বিবৃতিতে বলেন, "সালমান রুশদী তার স্ত্রী পদ্ম লক্ষীকে ডিভোর্স দিতে সম্মত হয়েছেন, কারণ তার স্ত্রী এই বিবাহসম্পর্ক চুকিয়ে ফেলতে চান। এই দুঃসময়ে তার ব্যাক্তিগত বিষয়গুলিকে গনমাধ্যম যেন সম্মানজনকভাবে দেখে সে জন্য তিনি অনুরোধ করেছেন।"
তার চেয়ে ২০ বছরের ছোট পদ্মর সঙ্গে যখন রুশদীর রোমান্স শুরু হয়েছিল তখনই ব্রিটিশ ট্যাবলয়েডগুলো মন্তব্য করেছিল, দুজনের বয়স ও বুদ্ধিমত্তার পার্থক্য এতো প্রকট যে এ সম্পর্ক টেকে কি না সন্দেহ। কিন্তু রুশদী সবসময়ই স্ত্রীর পক্ষে সাফাই গেয়ে গেছেন।
লক্ষী মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু করলেও পরে চলচ্চিত্র ও টেলিভিশন শোতে অংশ নেন। রান্নাবান্নার উপরও তার কিছু বই আছে। মার্কিন টেলিভিশন শো 'টপ শেফ' এর উপস্থাপক তিনি। ব্রাভো কেবল নেটওয়ার্কে এই অনুষ্ঠানটি প্রচারিত হয়।
রুশদীর প্রথম স্ত্রী ক্লারিসা লুয়ার্ড। ১৯৭৬ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তার সঙ্গে সংসার করেন। তাদের একটি পুত্রসন্তান রয়েছে, নাম জাফর রুশদী। দ্বিতীয় স্ত্রী মার্কিন ঔপন্যাসিক ম্যারিয়ান উইগিনস। ১৯৮৮ সালে তাদের বিয়ে হয়, বিচ্ছেদ ঘটে ১৯৯৩ সালে। তৃতীয় স্ত্রী এলিজাবেথ ওয়েস্টকে বিয়ে করেন ১৯৯৭ সালে। তাদের ঘরে জন্ম নেয় মিলান রুশদী। ২০০৪ সালে ওয়েস্টের সঙ্গে তার বিচ্ছেদ হয়।
রুশদির প্রথম উপন্যাস প্রকাশিত হয় ১৯৭৫ সালে। তবে ১৯৮১ সালে 'মিডনাইট চিলড্রেন' দিয়েই তার খ্যাতির সূচনা। বইটির জন্য তিনি বুকার পুরষ্কারও পান।
ইসলামের জন্য অবমাননাকর 'দি স্যাটানিক ভার্সেস' লেখার জন্য ১৮ বছর আগে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খোমেনি সালমান রুশদির প্রাণদন্ড ঘোষণা করেন। ভারতে জন্ম নেয়া রুশদি তখন আত্মগোপনে যেতে বাধ্য হন।
স
bdnews24