জুলাই ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ব্রিটিশ ছাত্ররা বেশি অলস। ম্যাস্ট্রিক্ট ইউনিভার্সিটির রিসার্চ সেন্টার ফর এডুকেশন অ্যান্ড লেবার মার্কেট পরিচালিত এক জরিপ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। খবর ব্রিটিশ একটি ওয়েবসাইটের।
প্রতিবেদনে বলা হয়, টার্ম চলাকালে ব্রিটিশ আন্ডার গ্রাজুয়েটরা সপ্তাহে গড়ে ৩২ ঘন্টা পড়াশোনার পেছনে ব্যয় করে। এর মধ্যে আছে লেকচার, সেমিনার, লাইব্রেরিতে এবং বাসায় পড়াশোনা। এক্ষেত্রে ইউরোপিয় ছাত্ররা পড়শোনার পেছনে গড়ে ব্যয় করে ৩৯ ঘন্টা। ফরাসীরা এক্ষেত্রে ব্যয় করে ৪২ ঘন্টা।
ওলন্দাজ ছাত্ররা সপ্তাহে ৩৩ ঘন্টা পড়াশোনার পেছনে ব্যয় করে।
ইউরোপের ১০টি দেশে সদ্য স্নাতক হয়েছেন এমন ১ হাজার ছাত্রের উপর এই জরিপ চালানো হয়। এই জরিপে দেখা যায় শতকরা মাত্র ৫ ভাগ ব্রিটিশ স্নাতক পরবর্তী স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা অব্যাহত রাখে। ইউরোপে ছাত্রদের ক্ষেত্রে এই হার শতকরা ১৮ ভাগ।
লন্ডনের দি টাইমস পত্রিকা জানায়, ব্রিটিশ শিক্ষাবিদরা এই জরিপকে একটা 'চরম অদ্ভুত' কাজ বলে সমালোচনা করেছেন।
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির একজন মুখপাত্র বলেন, "যুক্তরাজ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে গুন ও মান বজায় রাখার জন্য কিছু কঠোর অনুশাসন মেনে চলা হয়। এটা এ দেশের উচ্চশিক্ষার শক্তি ও সুরক্ষার পরিচায়ক।"
ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্ট এর ভাইস প্রেসিডেন্ট ওয়েজ স্টিটিং বলেন, "যুক্তরাজ্যের ছাত্ররা অসম্ভব পরিশ্রম করে লেখাপড়া করে। অর্থাভাবের কারণে অনেকে কাজ করার পাশাপাশি পড়াশোনা চালিয়ে যায়। অনেক উচ্চ মেধাসম্পন্ন ছাত্রের বেলায়ও এটা দেখা যায়। যাই হোক, এই জরিপ দেখে মনে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক যে জরিপটি সঠিকভাবে পরিচালিত হয়েছিল কি না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৭৪৮ ঘ
bdnews24