২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফল রফতানিতে নিষ্ফলা হয়ে পরছে বাংলাদেশ

দেশের ফল পর্যাপ্ত পরিমানে ভোগ করা যাবে না এই আশঙ্কায় তটস্ত ছিলেন কবি দ্বিজেন্দ্রলাল রায়। 'জাহাজে চড়িয়া ম্যাঙ্গো/ যদি ছেড়ে যায় বঙ্গ' এ কারণে এর সংরক্ষণ প্রক্রিয়াও যেন আবিস্কৃত না হয় এই ছিল তার প্রার্থনা। (দোহাই বিজ্ঞান বাবা/ আমেতে মেরো না থাবা/ কোরোনাকো প্রিজার্ভের পথ আবিস্কার)। ডিএল রায় ভারতের কবি। ভারত সরকার তার কথায় কর্ণপাত করেনি। এ বছর তারা বিপুল পরিমান আম রফতানি করেছে জাপানে ও আমেরিকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 12:55 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- দেশের ফল পর্যাপ্ত পরিমানে ভোগ করা যাবে না এই আশঙ্কায় তটস্ত ছিলেন কবি দ্বিজেন্দ্রলাল রায়। 'জাহাজে চড়িয়া ম্যাঙ্গো/ যদি ছেড়ে যায় বঙ্গ' এ কারণে এর সংরক্ষণ প্রক্রিয়াও যেন আবিস্কৃত না হয় এই ছিল তার প্রার্থনা। (দোহাই বিজ্ঞান বাবা/ আমেতে মেরো না থাবা/ কোরোনাকো প্রিজার্ভের পথ আবিস্কার)। ডিএল রায় ভারতের কবি। ভারত সরকার তার কথায় কর্ণপাত করেনি। এ বছর তারা বিপুল পরিমান আম রফতানি করেছে জাপানে ও আমেরিকায়। অন্যান্য ফল তো আছেই। তবে বাংলাদেশ সরকার চেষ্টা করছে ডিএল রায়ের আবেদন রাখতে। নানা জাতের সুস্বাদু আম উৎপাদিত হলেও এখন পর্যন্ত বাংলাদেশ থেকে বিদেশে আম রফতানি করা যায়নি। রপ্তানি হওয়া ফলের মধ্যে রয়েছে শুধু কাঠাল, আনারস, এবং লেবু (লেবুকে হয়তো অনেকে ফল হিসেবে মানতে চাইবেন না) এবং সবজিতে রয়েছে কাঁচা মরিচ, কচুর লতি, বেগুন,চিচিংগা, বরবটি, লাউ, এবং কাঁচা পেঁপেঁ। এছাড়াও স্বল্প পরিমানে রপ্তানি হয় সাতকড়া, লটকন,শীম, টমেটো, পান এবং সুপারি। এবং নানাবিধ কারণে এসব পণ্য রপ্তানির পরিমানও দিন দিন কমছে। এসব পণ্যের ক্রেতা মূলত মধ্যপ্রাচ্য এবং ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন এবং ইউরোপে যুক্তরাজ্য ও ইটালিতে এসব পণ্য রপ্তানি হয়। মোট রপ্তানির শতকরা ৪৮ ভাগ ইউরোপে, মধ্য প্রাচ্যে ৪৭ ভাগ এবং বাকি ৫ ভাগ অন্যান্য দেশে রপ্তানি হয়। ফল রফতানিতে সহায়তা দানকারী প্রতিষ্ঠান হর্টেক্স সূত্রে জানা গেছে এসব তথ্য। অলাভজনক উন্নয়নমূলক প্রতিষ্ঠান হর্টেক্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আকমল হোসেন বলেন, "বেসরকারিভাবে পণ্য রপ্তানি ক্ষেত্রে কৃষি মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে হর্টেক্স সব ধরনের কারিগরি এবং অন্যন্য সহযোগিতা দিয়ে থাকে এবং কৃষি রপ্তানি সংক্রান্ত সব ধরনের তথ্য বা পরিসংখ্যান সংরক্ষণ করে।" একইসঙ্গে তিনি এ কথাও বলেন, "কৃষি রফতানি ক্ষেত্রে সঠিক পরিসংখ্যান পাওয়া খুবই দুরুহ। পণ্যের সঠিক নিবন্ধন বা হারমোনাইজড সিস্টেম অফ কাস্টম এর হেরফের হওয়াই এর মূল কারণ।" হর্টেক্স এর পরিসংখ্যানে দেখা যায় ২০০৪ - ০৫ রপ্তানি বছরে মোট রপ্তানির পরিমান ছিল ২৯ হাজার মেট্রিক টন এবং আয় ছিল ৪৬ মিলিয়ন মার্কিন ডলার, ০৫-০৬ বছরে রপ্তানির পরিমান কমে হয় ১৯ হাজার মেট্রিক টন, আয় হয় ৪০ মিলিয়ন ডলার। ০৬-০৭ বছরে পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ না হলেও মার্চ পর্যন্ত পাওয়া পরিসংখ্যানে আয় দেখানো হয়েছে ২৫ মিলিয়ন ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যানেও দেখা যায়, ২০০৫-০৬ রপ্তানি বছরে (জুলাই-অক্টোবর) বিশেষ কয়েকটি শ্রেণীর ফল ও সবজি রপ্তানি করে আয় ছিল ১২২ কোটি টাকা এবং ০৬-০৭ বছরে একই সময়ে যার পরিমান হয়েছে ১০০ কোটি টাকা। আকমল আরও বলেন, "রপ্তানি ক্ষেত্রে ব্যাপক সম্ভবনা থাকা সত্ত্বেও সঠিক পরিকল্পনা এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে রপ্তানির পরিমান না বেড়ে বরং দিন দিন কমে যাচ্ছে। পরিবহণের ক্ষেত্রে বাংলাদেশ বিমানের গাফিলতি, আন্তর্জাতিক রুটে বিমানের চলাচল ক্রমেই সংকুচিত হয়ে পড়া এবং নিুমানের প্যাকেজিং এর কারণে অন্যান্য বিমান সংস্থা কর্তৃক এসব পণ্য পরিবহনে অস্বীকৃতির কারণেও রপ্তানি ব্যাহত হচ্ছে।" তিনি আরও বলেন, "তৃনমূল পর্যায়ের কৃষকদের সঠিকভাবে পণ্য আহরণের অজ্ঞতাও রপ্তানি ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা।" নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকতা বলেন, "রাজনৈতিক অস্থিরতা এবং অন্যান্য কারণে চলতি বছরে রফতানির পরিমান অনেক কমে গেছে।" কৃষি অধিদপ্তরে খাদ্য শষ্য বিভাগের পরিচালক মোঃ আব্দুর জব্বার মিয়া বলেন, "ব্যক্তিগত উদ্যোগে বা বেসরকারিভাবেই ফল ও সব্জি জাতীয় পণ্য দেশের বাইরে রপ্তানি হচ্ছে। এটা খুবই ইতিবাচক। এক্ষেত্রে মন্ত্রনালয়ের কোন সহায়তার প্রয়োজন হলে আমরা দিতে রাজি আছি।" বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক (তথ্য) মোহাম্মদ শওকত আলী জানান, "পরিবহন সমস্যার কারণে নির্ধারিত সময়ে পণ্য পাঠানোয় অনিশ্চয়তা এবং পচনশীল পণ্যে ফরমালিন মেশানের কারণে বাংলাদেশী পণ্যের ভাবমূর্তি নষ্ট হয়েছে, যার ফলে রপ্তানি কমেছে । এছাড়া প্রশাসনিক দীর্ঘসূত্রিতা ও সঠিক সমন্বয়ের অভাবও রয়েছে।" তিনি আরও জানান, "এ সমস্যা সাময়িক, এটি কাটিয়ে ওঠা সম্ভব।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমডিএস/এমআইআর/১৮৪৯