জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো ভারতের রাষ্ট্রপতির বেতন বাড়তে চলেছে। রাষ্ট্রপতিসহ আরো দুটি সাংবিধানিক পদে অধিষ্টিত ব্যক্তির (উপ রাষ্ট্রপতি ও গভর্ণর) বেতন দ্বিগুন করার একটি প্রস্তাব প্রায় চুড়ান্ত হওয়ার পথে। এ বছরের শেষ নাগাদ এই ব্যবস্থা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। খবর ভারতীয় একটি দৈনিকের।
এই প্রস্তাব অনুযায়ী এখন থেকে রাষ্ট্রপতি বেতন পাবেন মাসে ১ লাখ রুপি। ভারতের কোন সাংবিধানিক পদে অধিষ্ঠিত কারো জন্য এটাই সর্বোচ্চ বেতন হবে। ভারতে রাষ্ট্রপতির বেতন ১৯৫১ সালে ছিল ১০ হাজার রুপি। ১৯৯৮ সালে সর্বশেষ এটা বেড়ে দাড়ায় ৫০ হাজার রুপিতে।
রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের মেয়াদ শেষ হবে ২৪ জুলাই। এর পরের দিনই তার স্থলাভিষিক্ত হবেন পরবর্তী রাষ্ট্রপতি।
নতুন প্রস্তাবে সাবেক রাষ্ট্রপতিদেরও কিছু সুযোগ বাড়ানো হয়েছে। সে মোতাবেক একমাত্র জীবিত সাবেক রাষ্ট্রপতি আর ভেঙ্কটরমন ও এপিজে কালাম পদত্যাগের পরও তাদের সাহায্য করার জন্য ৫ জন স্টাফ রাখতে পারবেন। এসব স্টাফদের প্রত্যেকের বেতন হবে ১২ হাজার রুপি।
নতুন প্রস্তাব অনুযায়ী ভারতের উপ রাষ্ট্রপতির বেতন ৪০ হাজার রুপি থেকে বেড়ে দাঁড়াবে ৮৫ হাজার রুপি। একইভাবে গভর্নরদের বেতন ৩৬ হাজার থেকে বেড়ে হবে ৭৫ হাজার রুপি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৮২২ ঘ
bdnews24