জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিশ্বের জলবায়ূগত পরিবর্তনের ফলে এভারেস্ট শৃঙ্গসহ ৬টি বিশ্ব ঐতিহ্য ঝুঁকির মুখে রয়েছে। পরিবেশ রক্ষা বিষয়ক বিশেষজ্ঞ ও পরিবেশবাদী দলগুলো জানিয়েছে এ দুসংবাদ। খবর ভারতীয় একটি সংবাদমাধ্যমের।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছে গ্রিনপিস ও ক্লাইমেট জাস্টিস প্রোগ্রাম এর মতো পরিবেশবাদী দলগুলো। এসব ঐতিহ্যের যেগুলি ঝুঁকির মুখে সেগুলিকে 'বিপদাপন্ন' হিসেবে চিহ্নিত করারও আহ্বান জানিয়েছে তারা।
ওই গোষ্ঠীগুলোর বরাত দিয়ে বিবিসি জানায়, যেসব দেশ জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য কনভেনশনে সাক্ষর করেছে তাদের কর্তব্য এই গ্রিনহাউজ গ্যাস নির্গমন রোধ করা।
এখন পর্যন্ত ১৮৪টি দেশ ১৯৭২ সালে গঠিত ওই চুক্তিতে সাক্ষর করেছে।
এই চুক্তির আওতায় ২১ জাতি নিয়ে যে গভর্নিং কমিটি তৈরি করা হয়েছিল বর্তমানে তারা নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে সভা করছে। বিশ্বের কোন কোন প্রাকৃতিক সাইটগুলোকে আরো সুরক্ষিত করা জরুরী সে বিষয় তারা খতিয়ে দেখছে।
ক্লাইমেট জাস্টিস প্রোগ্রামের সমন্বয়ক পিটার রড্রিক ব্যাখ্যা করে বলেন, " এই কমিটি আবহাওয়ার পরিবর্তন সংক্রান্ত একটি নীতি নির্ধারনী দলিলের খসড়া নিয়ে আলোচনা করবে।"
যে সাইটগুলোকে 'বিপদাপন্ন' কোঠায় ভুক্ত করার দাবি জানাচ্ছে পরিবেশবাদীরা সেগুলি হলো :
গ্রেট বেরিয়ার রিফ, অস্ট্রেলিয়া
সাগরমাতা ন্যাশনাল পার্ক (এর মধ্যে রয়েছে এভারেস্ট শৃঙ্গ), নেপাল।
বেলিজ বেরিয়ার রিফ, বেলিজ
হুয়াসকারান ন্যাশনাল পার্ক, পেরু
ওয়াটারটন - গ্লেসিয়ার ইন্টারন্যাশনাল পিস পার্ক, মার্কিন কানাডা সীমান্ত
ব্লু মাউন্টেনস, অস্ট্রেলিয়া
গত বছরের সভায় ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি গ্রিন হাউজ গ্যাস কমানোর আহ্বান জানানোর আবেদন প্রত্যাখান করে।
এ বছর আবারো বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছে পরিবেশবাদীরা।
ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভা চলবে ২ জুলাই পর্যন্ত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/ ১৭৫২ ঘ
bdnews24