জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নবজাতকের নাম রাখা নিয়ে সমস্যায় ভোগেন অধিকাংশ অভিভাবক। আত্মীয়স্বজন থেকে শুরু করে অভিধান সর্বত্রই শরণাপন্ন হন অর্থপূর্ন পছন্দসই নামের আশায়। প্যাট দম্পতির অবশ্য নাম খুঁজতে বেশি বেগ পেতে হয়নি। কিন্তু পছন্দসই নাম পেলেও তা রাখতে পারছেন না নিউজিল্যান্ডের এই জুটি। প্যাট ও শিনা হোয়েটন তাদের সদ্যোজাত ছেলের নাম রাখতে চেয়েছিলেন '৪ রিয়াল'। দেশটির জন্ম মৃত্যু ও বিবাহ রেজিস্ট্রি অফিস বলেছে, এ নাম রাখা যাবে না। খবর ভারতীয় এক ওয়েবসাইটের।
এক টেলিভিশন সাক্ষাৎকারে প্যাট ও শিনা বলেন, আলট্রাসাউন্ড টেস্টে ওর আগমন অত্যাসন্ন জানার পরপরই আমরা এ নাম রাখার সিদ্ধান্ত নিই।
কিন্তু নিউজিল্যান্ডের জন্ম মৃত্যু ও বিবাহ রেজিস্ট্রি অফিসে গেলে সেখানের অফিসার তাদের সাফ জানিয়ে দেয়, সংখ্যা দিয়ে শুরু এমন কোন নাম রাখা আইনবিরুদ্ধ। ফলে এখন সরকারি অফিস ওই দম্পতিকে নাম বদলানোর জন্য অনুরোধ করছে।
রেজিস্ট্রারার জেনারেল ব্রায়ান ক্লার্ক এক বিবৃতিতে বলেন, "ওই নামটি এখনো প্রত্যাখান করা হয়নি। আমরা বাবা মার সঙ্গে কথা বলছি, বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়ার জন্য।"
ক্লার্ক ব্যাখ্যা করে বলেন, 'কারো বিরুদ্ধে অপরাধ সংগঠন' ঠেকানোর জন্য আমরা শয়তান বা অ্যাডলফ হিটলার ধরনের কোন নাম রাখাও সমর্থন করি না।
৯ জুলাইয়ের মধ্যে ওই দম্পতির সঙ্গে সমঝোতা না হলে রেজিস্ট্রি অফিস বাচ্চাটির মান রিয়াল হিসেবে অন্তর্ভূক্ত করবে।
নিউজিল্যান্ডে জন্মের ২ মাসের মধ্যে নাম রেজিস্ট্রি করা বাধ্যতামূলক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এমআইআর/১৬৫৬ ঘ
bdnews24