জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ইতালির বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফেন্ডি চীনের মহাপ্রাচীরে এক ব্যাতিক্রমী ফ্যাশন শো'র আয়োজন করতে যাচ্ছে। অক্টোবরে অনুষ্ঠিতব্য এই শো'র বদৌলতে বিক্রি দ্বিগুন হয়ে যাবে বলে আশা করছে ফেন্ডির মূল সংগঠন এলভিএমএইচ মোয়েত হেনেসি- লুই ভুইতো।
এলভিএমএইচ এর একজন মুখপাত্র ফ্রান্সের লে ইকো পত্রিকার কাছে এই খবরের সত্যতা স্বীকার করেন।
এলভিএমএইচ এর চেয়ারম্যান বার্নার্ড আরনাল্ট 'স্টার ব্রান্ড' হিসেবে তিনি ফেন্ডিকে দেখতে চান বলে উল্লেখ করেন। লুই ভুইট্টোর চামড়াজাত পণ্য ও ট্যাগ হিউয়ে ঘড়ির জন্য এলভিএমএইচের বিশ্বব্যাপী সুনাম রয়েছে। ফেন্ডির প্রধান নির্বাহী মাইকেল বার্ক বলেন, "শক্তিশালী ইতালীয় ব্রান্ড ছাড়া আমরা বিশ্বব্যাপী লাক্সারি গ্র"প হিসেবে দাঁড়াতে পারবো না।"
২০০৬ সালে ফেন্ডি ৩৫০ মিলিয়ন ইউরো সমমূল্যের পণ্য বিক্রি করে। ২০০৮ সালে এটা ৭০০ মিলিয়নে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তারা।
ফেন্ডির সর্বাধিক বিক্রিত পণ্যের মধ্যে রয়েছে এর জুতা ও হ্যান্ডব্যাগ। রোমভিত্তিক এই কোম্পানিটি সোমবার তাদের প্রথম পারফিউম 'পালাজো' বাজারে ছাড়ে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৭৩২ ঘ
bdnews24