২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশদির নাইটহুড নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মালয়েশিয়ায়ও

সালমান রুশদিকে নাইটহুড দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মুসলিম দেশগুলোতে উত্তেজনা বাড়ছে। ইরান, পাকিস্তানের পর এবার মালয়েশিয়াতেও তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। তীব্র প্রতিবাদ জানিয়েছে আফগানিস্তানের তালিবানরাও। তার প্রাণদন্ডের দাবি তুলছে একাধিক মৌলবাদী গোষ্ঠী। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের। বুধবার মালয়েশিয়ার প্রধান ইসলামি দল প্যান মালয়েশিয়া ইসলামিক পার্টির ২০ সদস্য কুয়ালালামপুরে বৃটিশ হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা ' গো টু হেল বৃটেন!' 'গো টু হেল রুশদী' বলে স্লোগান দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2007, 07:08 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সালমান রুশদিকে নাইটহুড দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মুসলিম দেশগুলোতে উত্তেজনা বাড়ছে। ইরান, পাকিস্তানের পর এবার মালয়েশিয়াতেও তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। তীব্র প্রতিবাদ জানিয়েছে আফগানিস্তানের তালিবানরাও। তার প্রাণদন্ডের দাবি তুলছে একাধিক মৌলবাদী গোষ্ঠী। খবর ভারতীয় সংবাদ মাধ্যমের। বুধবার মালয়েশিয়ার প্রধান ইসলামি দল প্যান মালয়েশিয়া ইসলামিক পার্টির ২০ সদস্য কুয়ালালামপুরে বৃটিশ হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা ' গো টু হেল বৃটেন!' 'গো টু হেল রুশদী' বলে স্লোগান দেয়। বিক্ষোভকারীরা এক পৃষ্ঠার একটি স্মারকলিপি বৃটিশ দূতাবাসের প্রতিনিধির কাছে হস্তান্তর করে। বিক্ষোভ চলাকালে ঢাল ও হেলমেট নিয়ে ঘটনাস্থলে হাজির ছিল পুলিশ। প্যান মালয়েশিয়া ইসলামিক পার্টির প্রেসিডেন্ট আবদুল হাদি আওয়াং এক বিবৃতিতে বলেন, "শান্তি ও পারষ্পরিক সম্মানের দোহাই দিয়ে আমরা দাবি করছি, রুশদীকে দেওয়া তকমা যেন প্রত্যাহার করা হয়। এবং বৃটিশ সরকার যেন সালমান রুশদীর মতো উত্তেজনা সৃষ্টিকারী লোক থেকে দুরে থাকে।" এদিকে ইসলামাবাদে কট্টরপন্থী 'রেড মস্ক' পত্রিকার মালিক ভ্রাতৃদ্বয়ের একজন আবদুর রশিদ গাজী পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রীর বক্তব্যকে সমর্থন করে এক বিবৃতিতে বলেন, "সালমান রুশদীর মৃত্যুদন্ড প্রাপ্য। যার ক্ষমতা আছে অবশ্যই রুশদীকে তার খুন করা উচিত।" তিনি আরো বলেন, পাকিস্তান সরকার সহায়তা করলে "আমরা এখানেই রুশদিকে খুন করার আয়োজন করতে পারি।" এর আগে পাকিস্তানের ধর্ম মন্ত্রী ইজাজ উল হক সতর্ক করে দিয়ে বলেন যে রুশদীকে নাইটহুড দেওয়ায় বৃটেনের ওই সিদ্ধান্ত মুসলমানদের আত্মঘাতী হামলায় প্ররোচিত করতে পারে। এদিকে বুধবার প্রায় শ তিনেক বুরকা পরিহিত মুসলিম রমনী পতাকা ও প্লাকার্ড নিয়ে পাকিস্তানের সংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে ও রাস্তা বন্ধ করে রাখে। সাংসদ ও মৌলবাদী দল জামাত এ ইসলামীর মহিলা শাখার প্রধান সামিয়া রাহিল কাজি বলেন, "সে (সালমান রুশদী) কোন বিখ্যাত লেখক নয়, তাকে এমন মূল্যবান দুর্লভ উপাধি কেন দেওয়া হলো?" করাচীর দক্ষিনে আরো শ'তিনেক বিক্ষোভকারী রুশদীর কুশপুত্তলিকা দাহ করে, মুলতানে শত শত লোক বৃটিশ পতাকা ও রুশদির প্রতিকৃতিতে আগুন দেয়। এদিকে ধর্মমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে বৃটিশ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে। এরপর ধর্মমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করে নেন। পাকিস্তানি সংবাদপত্রগুলোও নাইটহুড দেওয়াকে অবিবেচনাপ্রসুত বলে উল্লেখ করেছে। এই ঘটনার প্রতিকার হিসেবে পত্রিকাগুলির একটিতে বৃটিশ রাজ পরিবারের যৌন কেলেঙ্কারি নিয়ে চলচ্চিত্র বানানোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রথম সারির একটি ইংরেজি দৈনিক 'নিউজ' এ বলা হয়, "সালমান রুশদীকে নাইটহুড দেওয়ার বৃটিশ সিদ্ধান্ত ব্যাখ্যাতীত এক পাগলামি যা আজকের বিপদজনক অস্থিতিশীল দুনিয়ায় মৌলবাদীদের পুনরুত্থানে সহায়তা করার পরিকল্পনা থেকে করা হয়েছে বলে মনে হয়।" বহুল প্রচারিত উর্দু ভাষার পত্রিকা নওয়া ই ওয়াক্ত তাদের এক মন্তব্য প্রতিবেদনে বলে, "এই ঘটনার প্রতিশোধ হিসেবে যদি অর্থপূর্ন কিছু করতে চান তাহলে লেডি ডায়ানা ও বৃটিশ রাজপরিবারের সদস্যদের অনৈতিক সম্পর্ক নিয়ে একটা চলচ্চিত্র তৈরি করুন।" আফগানিস্তানেও তালিবানরাও বৃটেনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে। তালিবানদের এক মুখপাত্র ইউসুফ আহমাদি টেলিফোনে এএফপির কাছে বলেন, "এটা ইসলাম ও মুসলমানদের সঙ্গে পরিষ্কার শত্র"তা। এই সিদ্ধান্ত প্রত্যাহার ও মুসলমানদের কাছে ক্ষমা চাওয়ার জন্য আমরা বৃটেনের কাছে দাবি জানাচ্ছি।" এর আগে রুশদীর নাইটহুড দেওয়া নিয়ে ইরানেও উত্তেজনা তৈরি হয়। ইরানের একটি গোষ্ঠী দি অর্গানাইজেশন টু কমেমোরেট দি মুসলিম ওয়ার্ল্ড রুশদীর মাথার মূল্য ১ লাখ ৬০ হাজার পাউন্ড ঘোষণা করে। ইসলামের জন্য অবমাননাকর 'দি স্যাটানিক ভার্সেস' লেখার জন্য ১৮ বছর আগে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খোমেনি সালমান রুশদির প্রাণদন্ড ঘোষণা করেন। ভারতে জন্ম নেয়া রুশদি তখন ১৯ বছরের জন্য আত্মগোপনে যেতে বাধ্য হন। পরে ২০০১ সালে ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ওই মৃতুদন্ডাদেশের ফতোয়াকে পাশ কাটিয়ে বলেন যে খোমেনির ওই আদেশ বাস্তবায়নের কোন ইচ্ছা তাদের নেই। তবে এবার ইরান সরকারও রুশদীকে নাইটডুহ উপাধি দেয়ায় বৃটেনের তীব্র সমালোচনা করেছে। মঙ্গলবার ৬০ বছর বয়সে পা দেওয়া রুশদী বর্তমান অবস্থার প্রেক্ষিতে পুলিশি নিরাপত্তা চেয়েছেন বৃটিশ সরকারের কাছে। বর্তমানে রুশদী কোথায় আছেন সে সম্পর্কে কিছূ জানা যাচ্ছে না। তবে সময় ভাগাভাগি করে তিনি লন্ডন ও নিউ ইয়র্কে বসবাস করছেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার গার্ডিয়ান পত্রিকা তাদের ওয়েবসাইট সংস্করণে মন্তব্য করেন, যে কমিটি রুশদির নাইটহুডের প্রস্তাব করেছিল তারা এর রাজনৈতিক প্রতিক্রিয়া সম্পর্কে কোন আলোচনা করেনি এবং তারা কল্পনাও করতে পারেনি যে এই সম্মাননা প্রদান মুসলমানদের কী পরিমান ক্ষিপ্ত করে তুলতে পারে। গার্ডিয়ানে আরো বলা হয়, লেখকদের যে সংস্থা তার নাইটহুডের ব্যাপারে জোর চেষ্টা চালাচ্ছিল তারা আশা করেছিল এই পুরষ্কার প্রদানের ফলে বৃটেন ও এশিয়ার মধ্যে সম্পর্ক আরো ভালো হবে। শনিবার বৃটেনের রাণীর জন্মদিনে আরো অনেকের সঙ্গে সালমান রুশদিকে নাইটহুড দেওয়ার খবর প্রকাশ করা হয়। বৃটেনে প্রতি দু বছর অন্তর সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য রাণীর পক্ষ থেকে বিশেষ সম্মাননা জানানো হয়। এ বছর ৯৪৬ জনকে এই সম্মাননা জানানো হয়। এর মধ্যে নাইটহুড উপাধি পান ২১ জন। ১৯৪৭ সালে রুশদী ভারতের মুম্বাইয়ের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বৃটেনের রাগবি স্কুল ও কেমব্রিজে পড়াশোনা করেন তিনি। রুশদির দ্বিতীয় উপন্যাস 'মিডনাইটস চিলড্রেন' ১৯৮১ সালে বুকার পুরষ্কার লাভ করে। ১৯৯৩ সালে উপন্যাসটি পঁচিশ বছরের মধ্যে সেরা উপন্যাস হিসেবে বিবেচিত হয়। রুশদি ইংলন্ডের রয়্যাল সোসাইটি অফ লিটারেচারের সদস্য। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১২৫৫ ঘ