ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে হাতে কবিতা লিখতেন, সে হাতই দেশের মঙ্গলময় কাজে বাড়িয়ে ধরেছেন সবসময় গভীর মমতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে। সে হাতে হাত রেখে এগিয়ে যায় ষাটের দশকের গণতান্ত্রিক আন্দোলন।
কবি সুফিয়া কামালের জন্মদিনে এই মহীয়ষী নারী সম্পর্কে এ ভাবেই বলছিলেন বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। তিনি বলেন, আজ আমাদের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে সময় এসেছে সুফিয়া কামালের সেই মমতাময় হাতের স্পর্শকে নতুন করে অনুভব করার।
বাংলাদেশের নারী মুক্তি আন্দোলনের অগ্রসেনানী কবি সুফিয়া কামালের ৯৬তম জন্মদিন উপলক্ষে বুধবার বিয়াম মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজন করে স্মারক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সুফিয়া কামাল ছিলেন এই মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভানেত্রী। ১৯১১ সালে এ দিনে তিনি বরিশালের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।
অনুষ্ঠানের শুরুতেই সুরের মূর্চ্ছনায় সবাইকে মুগ্ধ করলেন গায়িকা মিতা হক। গানের রেশ কাটতে না কাটতেই 'সুফিয়া কামাল ও গণতন্ত্রের আন্দোলন' শীর্ষক স্মারক বক্তৃতা নিয়ে হাজির হন হাসান আজিজুল হক। সে বক্তৃতায় তিনি সাবলীল ভাষার গাথুনিতে তুলে ধরেন গণতান্ত্রিক আন্দোলনে সুফিয়া কামালের সম্পৃক্ততার নানান অধ্যায়। গণতন্ত্র প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলনেই তিনি ছিলেন সক্রিয়। ছিলেন প্রেরণাদাত্রী।
তার স্মরণে মহিলা পরিষদ এবারই প্রথম চালু করেছে সুফিয়া কামাল পদক। প্রথম পদকপ্রাপ্ত হিসেবে গবেষক, শিক্ষক গোলাম মুরশিদের নাম ঘোষণা করেন পরিষদের সাধারণ সম্পাদিকা আয়শা খানম। নারী জাগরন ও নারী আন্দোলন বিষয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ তাকে এ পদক দেওয়া হয়। ব্যক্তিগত কারণে গোলাম মুরশিদ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। আগামী ডিসেম্বরে বেগম রোকেয়ার জন্মদিনের অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে বলে জানানো হয়।
মহিলা পরিষদ জানায় এখন থেকে প্রতি বছর সুফিয়া কামালেন জন্মদিনে একজনকে এ পদক প্রদান করা হবে।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সুফিয়া কামালের প্রিয় শিল্পীদের একজন ইফফাত আরা দেওয়ান। কবিতা আবৃত্তি করেন মাহবুবুল আলম চৌধুরী, প্রজ্ঞা লাবণী ও ভাস্কর বন্দোপাধ্যায়।
১৯৯৯ সালের ২০ নভেম্বর সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমএইচবি/০০৫৫ ঘ.
bdnews24