জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রুশদিকে নাইটহুড দেওয়াকে কেন্দ্র করে পাকিস্তানে উত্তেজনা বাড়ছে। পাকিস্তনের সংসদের উচ্চকক্ষ ছাড়াও উত্তর পশ্চিম সীমান্তের প্রাদেশিক সংসদেও এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে প্রস্তাব পাশ হয়েছে। এদিকে ইরানের একটি গোষ্ঠী দি অর্গানাইজেশন টু কমেমোরেট দি মুসলিম ওয়ার্ল্ড রুশদীর মাথার মূল্য ১ লাখ ৬০ হাজার পাউন্ড ঘোষণা করে। এর প্রেক্ষিতে রুশদী ইতিমধ্যে পুলিশি নিরাপত্তা চেয়ে বৃটিশ সরকারের কাছে আবেদন জানিয়েছেন। খবর একাধিক বার্তা সংস্থার।
শনিবার রুশদিকে নাইটহুড দেওয়ার খবর প্রচারিত হওয়ার পরপর পাকিস্তাসহ বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ দেখা দেয়।
পাকিস্তানের মুসলিম লীগের এক সংসদীয় নেতা ওয়াসিম সাজ্জাদ সংসদে বলেন, "রুশদিকে নাইটহুড দেওয়া মানে মুসলমানদের অপমান করা।
তিনি আরো বলেন, "এই সিদ্ধান্ত মুসলিম ও অন্য ধর্মের বিশ্বাসীদের মধ্যে ব্যবধান বাড়াবে।"
সংসদে সর্বসম্মতভাবে দুটো প্রস্তাব পাশ করা হয় এবং অচিরেই রুশদীর নাইটহুড উপাধি ফিরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়।
পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের জাতীয় সংসদেও রুশদীর নাইটহুড প্রদানের বিষয় নিয়ে মঙ্গলবার তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, পাকিস্তানের জনগনের মনোভাবের কথা আনুষ্ঠানিকভাবে বৃটিশ সরকারকে তারা অবহিত করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র তাসনিম আসলাম বলেন, "এটা নিশ্চিত যে, সালমান রুশদী তার লেখালেখির মাধ্যমে মুসলমানদের হেয় করতে চেয়েছেন।" তাসনিম আরো বলেন, এ ধরনের 'অসহানুভূতিশীল সিদ্ধান্ত' পারষ্পরিক সুসম্পর্ক ও বৃহত্তর সমঝোতা তৈরির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে।
পাকিস্তানের ধর্ম মন্ত্রী ইজাজ উল হক সতর্ক করে দিয়ে বলেন যে রুশদীকে নাইটহুড দেওয়ার বৃটেনের ওই সিদ্ধান্ত মুসলমানদের আত্মঘাতী হামলায় প্ররোচিত করতে পারে।
ইতিমধ্যে পাঞ্জাবের কমপক্ষে দুটো শহরে মঙ্গলবার ধর্মীয় গোষ্ঠী মুত্তাহিদা মজলিস ই আমল এর সমর্থকরা বিক্ষোভ র্যালির আয়োজন করে। শুক্রবারে দেশ জুড়ে আরো বিক্ষোভ সমাবেশ করা হবে বলে ঘোষণা দেয় মুত্তাহিদার নেতৃবৃন্দ।
পাকিস্তানের বক্তব্যের প্রতিক্রিয়ায় ব্রিটেন তাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের এক মন্ত্রীর বক্তব্য সম্পর্কে বৃটিশ পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন যে, ওই মন্তব্যে সালমান রুশদীর নাইটহুড উপাধি দেওয়ায় অসন্তুষ্টদের মধ্যে আত্মঘাতী হামলার প্ররোচণা যোগাবে।
পাকিস্তানে নিযুক্ত বৃটেনের হাই কমিশনার রবার্ট ব্রিঙ্কলকে ইসলামাবাদে পরারাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানোর পর এই বিবৃতি প্রকাশ করা হলো।
এদিকে রুশদীর নাইটহুড দেওয়া নিয়ে ইরানেও উত্তেজনা তৈরি হয়েছে।
ইসলামের জন্য অবমাননাকর 'দি স্যাটানিক ভার্সেস' লেখার জন্য ১৮ বছর আগে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খোমেনি সালমান রুশদির প্রাণদন্ড ঘোষণা করেন। ভারতে জন্ম নেয়া রুশদি তখন আত্মগোপনে যেতে বাধ্য হন।
তবে পরে ২০০১ সালে ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ওই মৃতুদন্ডাদেশের ফতোয়াকে পাশ কাটিয়ে বলেন যে খোমেনির ওই আদেশ বাস্তবায়নের কোন ইচ্ছা তাদের নেই।
তবে এবার ইরান সরকারও রুশদীর 'নাইটহুড' উপাধি দেয়ায় তীব্র সমালোচনা করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৪৩৭ ঘ.
bdnews24