জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) -- কৃষি জমি কিনে বিপাকে পরেছিলেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ও আমির খান। মহারাষ্ট্রের নিয়ম অনুযায়ী কৃষক ছাড়া অন্য কেউ কৃষি জমি কিনতে পারে না। এই দুই তারকা নিজেদের কৃষক দাবি করলেও বিষয়টি শেষ পর্যন্ত আদালতে গড়ায়। এর আগে উত্তর প্রদেশের আদালত অমিতাভের কৃষক হওয়ার দাবিকে অগ্রাহ্য করে বারাবাঙ্কিতে তার জমির অ্যালটমেন্ট বাতিল করে। এই আদেশকে চ্যালেঞ্জ করে অমিতাভ এলাহাবাদের উচ্চ আদালতে রিট করেছিলেন। শুক্রবার এলাহাবাদ হাই কোর্টের লখনৌ বেঞ্চ অমিতাভের রিট পিটিশন আমলে নিয়েছে। এবং এর আগে অতিরিক্ত কমিশনার ভি এস প্রসাদ এর জারি করা নির্দেশকে স্থগিত করেছে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
বিচারপতি ডি সিং এর নেতৃত্বে গঠিত বেঞ্চ রাজ্য সরকারকে ৪ সপ্তাহের সময় দিয়েছে তাদের বক্তব্যের পক্ষে প্রমাণপত্র দাখিলের জন্য। বিষয়টি নিয়ে পরবর্তী শুনানীর তারিখ ধার্য করা হয়েছে ২৩ জুলাই।
এর আগে এলাহাবাদের এক অতিরিক্ত কমিশনার ভি এস প্রসাদ ১ জুন অমিতাভের কৃষি জমি ক্রয়ের প্রক্রিয়াকে অবৈধ ও জালিয়াতি উল্লেখ করে তা বাতিল ঘোষণা করে।
ওদিকে আমির খানের বিষয়টি এখনো চুড়ান্ত হয়নি। তবে অমিতাভের কৃষি জমি ক্রয় সংক্রান্ত মামলার রায়ের দিকে তাকিয়ে আছেন তিনি। অমিতাভ ছাড়া পেলেও তারও আশা আছে বলে মনে করছেন অনেকে।
আমিরও জোর গলায় নিজেকে কৃষক বলে দাবি করেছেন ইতিমধ্যে। বলেছেন, " আমি জন্মসূত্রেই চাষা, আমার বাবা ছিলেন কৃষিবিদ, দাদাও ছিলেন কৃষিবিদ।" অস্কার মনোনয়ন পাওয়া 'লগন' ছবির এই অভিনেতা দাবি করেন, "আমি কোন জালিয়াতি করিনি। সব নিয়ম কানুন মেনেই জমি কিনেছি। কর্তৃপক্ষ আমার কাগজপত্র পরীক্ষা করে দেখতে চাইলে আমি খুবই খুশী হবো।"
'লগন' ছবিতে কৃষকদের জমির কর মওকুফের জন্য ব্রিটিশদের বিরুদ্ধে ক্রিকেট লড়াইয়ে অংশ নেন আমির।
রাজস্ব মন্ত্রী নারায়ন রেনে পুনে ডিস্ট্রিক্ট কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আমিরের কৃষক হওয়ার বিষয়টি তদন্ত করে দেখার জন্য। খান পুনের মাবাল তালুকে ওই কৃষি জমি কেনেন।
রেনে জানান, যে কোন ভারতীয় নাগরিকের কৃষি জমি কেনার অধিকার আছে যদি সে নিজে কৃষক হয় বা এর পক্ষে তার কোন কাগজপত্র থাকে।
মন্ত্রী প্রশাসনকে সতর্ক করে দিয়ে বলেন যে, কেউ যদি জাল কাগজপত্র দেখিয়ে কৃষি জমি কিনতে চায় তাহলে তার বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৯০৫ ঘ
bdnews24