জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম) -- ৭ সংখ্যাটি শুভ, এরকমটাই লোকবিশ্বাস। এই ৭ নিয়ে মহা কাড়াকাড়ি শুরু হয়েছে আমেরিকার লাসভেগাসে বসবাসকারী ভারতীয়দের, বিশেষ করে বিবাহ করতে যাওয়া বর কনেদের মধ্যে। কারণ সামনের মাসে আছে সেই বিশেষ তারিখ ৭-৭-৭। তিনটি ৭ এর এই দিনটি মহা শুভ দিন বলে মনে করছেন অনেকে। আর শুভ দিনে বিয়ে করতে কে না চায়। ফলে ওইদিনে বিয়ের অনুষ্ঠানের জন্য বিভিন্ন কমিউনিটি সেন্টারে বুকিংয়ের হিড়িক পরে গেছে এরই মধ্যে। খবর ভারতীয় একটি ওযেবসাইটের।
হিন্দু বর্ষপঞ্জি হিসেবেও সাত সংখ্যাটি শুভ। তাই বিবাহবন্ধনে যারা আবদ্ধ হতে যাচ্ছেন তাদেরকে এই দিনে বিয়ে করার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।
নিউ ইয়র্কের সেভ দি ডেট ইভেন্ট কনসালটেন্টস সোনাল শাহ্ বলেন, "শতকরা ৯৯.৯ ভাগ ভারতীয় জুটি শুভদিনের এই তরিকা মেনে চলেন।"
সামনের মাসের এই শুভদিনটিতে রিচমন্ডে বসবাসকারী আমিদা মেহতা বিয়ে করতে যাচ্ছেন। তিনি খুবই উত্তেজিত হয়ে বললেন, "সবার সঙ্গে কথা বলেই বিয়ের জন্য এই বছরের ৭ জুলাই তারিখটি বেছে নিয়েছি। কারণ এটা শুধু ইংরেজী বর্ষপঞ্জি হিসেবেই ৭ম মাসের ৭ম দিন নয়, সেই সাথে হিন্দু চান্দ্র বর্ষপঞ্জি হিসেবেও দিনটি ৭ম মাসের ৭ম দিন।"
একইভাবে আমেরিকায় আসা চীনাদের প্রথম প্রজন্মোর অনেকে জুলাইয়ের ৭ তারিখ বিয়ে করতেন।
জ্যোতিষ গ্লিনিস ম্যাকক্যান্টস অবশ্য এই ধারণার বিরোধিতা করেন। তার উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, "তারিখ যাই হোক, সবার জন্য মোটেই শুভ নয় দিনটি।
পিথাগোরিয়ান সংখ্যাপদ্ধতি অনুসরণ করেন ম্যাকক্যান্টস। তিনি ব্যাখ্যা করে বলেন, "কারণ ৭- ৭- ২০০৭ এর যোগফল হলো ৫ (৭ ৭ ২ ০ ০ ৭=২৩, তারপর ২ ৩=৫)। আর ৫ সংখ্যাটি বিশৃংখলার পরিচায়ক। এই দিনে কোন কিছুই পরিকল্পনা মাফিক হয় না। কিন্ত বেশিরভাগ কনেই বিয়েটা নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/ওএস/এমআইআর/ ১৯০৩ ঘ.
bdnews24