২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে বুশের ক্যারিকেচার!

নিজ দেশে বসে অনেক ক্যারিকেচার তো করেনই, জার্মানিতে গিয়েও তা থেকে বিরত থাকলেন না বুশ। জিএইট সম্মেলন উপলক্ষে বুধবার জার্মানির হেইলগেনড্যামে এক সংবাদ সম্মেলনে তার বক্তব্য রাখার যখন জার্মানিতে তা অনুবাদ করার জন্য এগিয়ে এলেন ইন্টারপ্রেটর, বুশ হেসে বললেন, "লাগবে না।" তারপর সাংবাদিকদের দিকে তাকিয়ে বললেন, "সবাই তো ইংরেজি বোঝে, তাই না?"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 10:30 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নিজ দেশে বসে অনেক ক্যারিকেচার তো করেনই, জার্মানিতে গিয়েও তা থেকে বিরত থাকলেন না বুশ। জিএইট সম্মেলন উপলক্ষে বুধবার জার্মানির হেইলগেনড্যামে এক সংবাদ সম্মেলনে তার বক্তব্য রাখার যখন জার্মানিতে তা অনুবাদ করার জন্য এগিয়ে এলেন ইন্টারপ্রেটর, বুশ হেসে বললেন, "লাগবে না।" তারপর সাংবাদিকদের দিকে তাকিয়ে বললেন, "সবাই তো ইংরেজি বোঝে, তাই না?" পাশে দাড়িয়ে ছিলেন জর্মন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। বুশের 'পন্ডিতি' দেখে তিনি হাসি চেপে মার্কিন নেতাকে একটু ধৈর্য ধরে ইন্টারপ্রেটরকে তার কাজ করার সুযোগ দিতে বললেন। বুশের বক্তব্য জর্মন ভাষায় অনুবাদ করে শোনানো হলো সাংবাদিকদের। বুশ যে তার বিন্দু বিসর্গও বুঝলেন না, সেটা বলাই বাহুল্য। তবু, অনুবাদ শেষে মার্কেল এর দিকে তাকিয়ে শুধালেন, "আমি যা বলেছি, ঠিক তাই তাই বলেছে তো?" বুশের অবস্থা দেখে এবার আর হাসি সামলাতে পারলেন না মার্কেল। হাসতে হাসতে বললেন, "শতকরা ১০০ ভাগ ঠিক বলেছে।" মার্কিনি একটি ওয়েবসাইট সূত্রে জানা গেছে এ খবর। মার্কেল ও অন্যান্য জর্মন রাজনীতিবিদ জি- এইটসহ অন্যান্য ইউরোপিয় ইউনিয়নের সম্মেলনে তাদের ভাষার বিশ্বমানকে ধরে রাখার জন্য জর্মন ভাষায় কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন কিছুদিন আগে। অন্যদিকে অস্ট্রিয়া আর ফিনল্যান্ডসহ অনেক দেশের নেতা ও মন্ত্রীরা এসব সম্মেলনে এন্তার ইংরেজি ব্যবহার করেন। ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাহী প্রতিষ্ঠান ইউরোপিয় কমিশনেও ইংরেজির ব্যবহার ক্রমশ বাড়ছে। তবে জার্মানি, ফ্রান্সসহ বেশ কিছু দেশ এর ব্যাতিক্রম। সাধারণত এ ধরনের সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা সবাই কমবেশি ইংরেজি বোঝেন। তারপরও মার্কেল এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার প্রায়ই তাদের বক্তব্য ব্যাখ্যা করার জন্য ইন্টারপ্রেটরদের নিয়ে যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৬২৩ ঘ