মহাত্মা গান্ধীর চিঠি নিলামে!
আততায়ীর হাতে নিহত হওয়ার ১৯ দিন আগে লেখা মহাত্মা গান্ধীর একটি চিঠি নিলামে উঠবে ৩ জুলাই। লন্ডনে বিখ্যাত নিলাম ঘর ক্রিস্টিস এই নিলামের আয়োজন করেছে। খবর একটি ভারতীয় পত্রিকার।
১৯৪৮ সালে ‘হরিজন’ পত্রিকার ১১ জানুয়ারি সংখ্যার জন্য ওই চিঠি লিখেছিলেন গান্ধী। এটিসহ আরো অনেক বিখ্যাত লোকের হাতে লেখা চিঠি নিলামে ওঠাবে ক্রিস্টিস। এই কালেকশনের শিরোনাম ‘দি আলবিন শ্র্যাম কালেকশন অফ অটোগ্রাফ লেটারস’। প্রয়াত আলবিন শ্র্যামের গত ৩০ বছরের ব্যাক্তিগত ও গোপন সংগ্রহ থেকে বাছাই করা চিঠি হাজির করা হচ্ছে এই নিলামে।
তার ঐতিহাসিক ওই চিঠিতে মহাত্মা ‘হরিজন’ পত্রিকার উর্দু সংস্করণ নিয়মিত প্রকাশ করতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেছেন। পাঠক এ পত্রিকাটি গ্রহণের ব্যাপারে যে দোলাচলে ভুগছিল তার উল্লেখ রয়েছে চিঠিতে।
চিঠিতে উর্দু ভাষার গুরুত্ব তুলে ধরে এ ভাষার বহুমুখী ব্যবহারের কথা বলেন গান্ধী। সাম্প্রদায়িক ঘটনাবলীরে প্রেক্ষিতে কোন ভাষা বর্জনের বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়ে গান্ধী চিঠিতে লেখেন, “ উর্দু ভাষা বর্জনের যে পরামর্শ দেয়া হচ্ছে তা মুসলিমদের হেয় করার উদ্দেশ্য নিয়েই করা হচ্ছে। মুসলিমরা অনেক হিন্দুর দৃষ্টিতে তাদের দেশে বহিরাগত বলে বিবেচিত হন। পাকিস্তানের বাজে আচরণের এটা একটা প্রতিহিংসামূলক তৎপরতা।”
চিঠির শেষে ‘মুসলিম ভাইদের’ আহ্বান জানিয়ে গান্ধী ‘হরিজন’ পত্রিকার উর্দু সংস্করণকে সহায়তা দেয়া শুধু নয়, তাদেরকে বুদ্ধিবৃত্তিক উন্নতির জন্য নাগরী ভাষাও শিক্ষারও পরামর্শ দেন।
ক্রিস্টির এই নিলামে বিখ্যাত লোকদের হাতে লেখা প্রায় ৫৭০টি চিঠি থাকবে। এর মধ্যে রয়েছে ১৩ থেকে ২০ শতকের বিখ্যাত সাহিত্যিক, রাজনীতিবিদ, বিজ্ঞানী প্রমুখ। থাকবে লর্ড বায়রন, উইনস্টন চার্চিল, চার্লস ডিকেন্স, প্রথম এলিজাবেথ, সিগমুন্ড ফ্রয়েড, গান্ধী, নেপোলিয়ন, স্যার আইজাক নিউটন, অলিভার ক্রমওয়েল, ক্লদ মনে, অস্কার ওয়াইল্ড ও শার্লট ব্রন্টির হাতে লেখা চিঠি।
পাঁচটি বিভাগে পরিবেশন করা হবে এসব চিঠিপত্র। বিভাগগুলো হলো : ইতিহাস, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও দর্শন এবং মিউজিক ও মঞ্চ।
ধারণা করা হচ্ছে এই নিলাম থেকে ২ মিলিয়ন পাউন্ড উঠে আসবে। এবং একেকটি চিঠি বিক্রি হবে কমপক্ষে ৫০০ থেকে ১ লাখ ২০ হাজার পাউন্ডে।
গান্ধীর চিঠিটি অন্তর্ভূক্ত থাকবে ইতিহাস বিভাগে। এটি ৯ থেকে ১২ হাজার পাউন্ডে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও জোসেফাইনের কাছে লেখা নেপোলিয়নের চিঠি ৩০ থেকে ৫০ হাজার পাউন্ড, অলিভার ক্রমওয়েলের চিঠি ১০ থেকে ১৫ হাজার পাউন্ড, ফ্রান্সের চতুর্থ হেনরির কাছে লেখা বৃটেনের প্রথম এলিজাবেথের চিঠি ১২ থেকে ১৮ হাজার পাউন্ড, মায়ের কাছে ষোড়শ বর্ষীয় চার্চিলের লেখা চিঠি ১০ থেকে ১৫ হাজার পাউন্ডে বিক্রি হবে বলে অনুমান করা হচ্ছে।
