জুন ৫ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) -- গত ৫ শ বছরের পৃথিবীর ঐতিহাসিক ব্যাক্তিত্ত্বদের হাজারখানেক চিঠির সন্ধান মিলেছে সুইজারল্যান্ডের এক বাসার লন্ড্রিতে। খ্যাতিমান রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিকসহ খ্যাতিমান ব্যাক্তিদের হাতে লেখা এসব চিঠি থেকে বাছাই করে ৫৭০টি চিঠি নিলামে ওঠানোর আয়োজন করছে বিখ্যাত নিলাম ঘর ক্রিস্টিস। খবর লন্ডনের এক পত্রিকার।
এসব চিঠির মধ্যে রয়েছে বেটোফেন, জন ডান, লর্ড বায়রন, উইনস্টন চার্চিল, চার্লস ডিকেন্স, প্রথম এলিজাবেথ, সিগমুন্ড ফ্রয়েড, মহাত্মা গান্ধী, নেপোলিয়ন, স্যার আইজাক নিউটন, আইনস্টাইন, ফ্রেডারিক দি গ্রেট, ভলতেয়ার, লুই ক্যারল, অলিভার ক্রমওয়েল, ক্লদ মনে, অস্কার ওয়াইল্ড ও শার্লট ব্রন্টির হাতে লেখা চিঠি।
সুইজারল্যান্ডের লাউসেনে দু বছর আগে মারা যাওয়া আলবিন শ্র্যামের সংগ্রহে ছিল এসব চিঠি। জীবনের অর্ধেকটা সময় তিনি পার করেছিলেন বিভিন্ন জিনিস সংগ্রহের পেছনে। ক্রিস্টিজের এক কর্মকর্তা জানান যে, শ্র্যাম তার চিঠিগুলোর কোন ক্যাটালগ তৈরি করেননি। তিনি কাউকে এসব চিঠি দেখাননি পর্যন্ত। তার ঘরের একটা ওয়াশারের পাশে ধাতব ফাইল ক্যাবিনেটের ভিতরে পাওয়া গেছে এসব চিঠি।
তিনি বলেন, "এরকম একটা অভাবনীয় স্থানে এমন অসাধারণ জিনিসের খোঁজ মিলবে তা কেউ কল্পনাও করেনি। এসব চিঠিকে একত্রে গত ৫ শ বছরের পশ্চিমা সভ্যতার 'ইতিহাসের মিনিয়েচার' বলা যায়।"
নিলামে পাঁচটি বিভাগে পরিবেশন করা হবে এসব চিঠিপত্র। বিভাগগুলো হলো : ইতিহাস, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও দর্শন এবং মিউজিক ও মঞ্চ।
ধারণা করা হচ্ছে এই নিলাম থেকে ২ মিলিয়ন পাউন্ড উঠে আসবে। এবং একেকটি চিঠি বিক্রি হবে কমপক্ষে ৫০০ থেকে ১ লাখ ২০ হাজার পাউন্ডে।
গান্ধীর চিঠিটি ৯ থেকে ১২ হাজার পাউন্ডে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও জোসেফাইনের কাছে লেখা নেপোলিয়নের চিঠি ৩০ থেকে ৫০ হাজার পাউন্ড, অলিভার ক্রমওয়েলের চিঠি ১০ থেকে ১৫ হাজার পাউন্ড, ফ্রান্সের চতুর্থ হেনরির কাছে লেখা বৃটেনের প্রথম এলিজাবেথের চিঠি ১২ থেকে ১৮ হাজার পাউন্ড, মায়ের কাছে ষোড়শ বর্ষীয় চার্চিলের লেখা চিঠি ১০ থেকে ১৫ হাজার পাউন্ডে বিক্রি হবে বলে অনুমান করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম / এমআইআর/ ১৯৫০ ঘ
bdnews24