জুন ৪ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- দক্ষিন কোরিয়ার রাজধানী সিউল এর এক স্কুলের দারোয়ান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এক রোবটকে। বিক্রির আগে 'অফরো' নামের ওই রোবটটির কর্মদক্ষতা যাচাই করার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
ডিইউ রোবো নামের রোবট নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, বহিরাগত কেউ স্কুলে প্রবেশ করতে এবং ছাত্রদের ফুসলাতে চাইলে এই রোবট স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করে দেবে।
ওই ফার্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাং জুং ওয়ান সাংবাদিকদের বলেছেন, "রোবট জানান দেয়ার পর শিক্ষকরা লাউড স্পিকারের মাধ্যমে অনুপ্রবেশকারীকে সতর্ক করে দিতে পারে কিংবা সিকিউরিটি গার্ডদের পাঠাতে পারে ব্যবস্থা নেয়ার জন্য।"
ফার্মটি দাবি করেছে, কোন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের কোন রোবট ব্যবহার করার এটাই প্রথম উদাহরণ।
কাং বলেন, "সম্ভাব্যতা যাচাইয়ের পর আমরা অফরোকে বানিজ্যিকভাবে বাজারজাত করার উদ্যোগ নেবো। এক্ষেত্রে অফরোর মতো একেকটি রোবটের খুচরা মূল্য ১ লাখ ডলার ধার্য করা হয়েছে।"
অফরো স্বাভাবিক অবস্থায় সর্ব্বোচ্চ ঘন্টায় তিন মাইল বেগে চলে। অন্যের দ্বারা সরাসরি নিয়ন্ত্রিত হওয়া ছাড়াও পূর্ব নির্ধারিত রুটে পাহারা দিতে পারে অফরো। তার সঙ্গে যুক্ত রয়েছে একটি ক্যামেরা ও মাইক্রোফোন।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমআইআর/১৬৫১ ঘ
bdnews24