২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৫টি কীটনাশক নিষিদ্ধ করেছে ভারত সরকার

২৫টি কীটনাশকের উৎপাদন, ব্যবহার ও আমদানি নিষিদ্ধ করেছে ভারত সরকার। এছাড়াও আরো দু প্রকার কীটনাশক ব্যবহার নিষিদ্ধ হলেও রফতানির জন্য সেগুলি উৎপাদন করা যাবে বলে জানিয়েছে সরকার। রাইট টু ইনফরমেশন (আরটিআই) অ্যাক্টের আওতায় এই ঘোষণা জারি করা হয়েছে। খবরটি জানা গেছে ভারতের একটি ওয়েবসাইটের মাধ্যমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 01:29 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- ২৫টি কীটনাশকের উৎপাদন, ব্যবহার ও আমদানি নিষিদ্ধ করেছে ভারত সরকার। এছাড়াও আরো দু প্রকার কীটনাশক ব্যবহার নিষিদ্ধ হলেও রফতানির জন্য সেগুলি উৎপাদন করা যাবে বলে জানিয়েছে সরকার। রাইট টু ইনফরমেশন (আরটিআই) অ্যাক্টের আওতায় এই ঘোষণা জারি করা হয়েছে। খবরটি জানা গেছে ভারতের একটি ওয়েবসাইটের মাধ্যমে। কৃষি উৎপাদন ও পরিবেশগত নিরাপত্তার জটিল সমস্যার সঙ্গে লড়ছে ভারত সরকার বেশ কিছুদিন ধরেই। বিষয়টিকে নিয়ন্ত্রণে আনার জন্য তারা এই জরুরী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিল। একই সঙ্গে আরো ৪টি কীটনাশক 'আমদানি, উৎপাদন ও ব্যবহার' এর জন্য তৈরি করা নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি ৭টি কীটনাশক 'প্রত্যাহার' তালিকায় ভুক্ত হতে চলেছে। এর বাইরে ১৮টি কীটনাশকের রেজিস্ট্রেশন প্রত্যাখান করার সিদ্ধান্ত নেয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে কীটনাশক প্রস্তুতকারকরা তাদের কীটনাশক সম্পর্কে 'বিস্তারিত তথ্য' দিতে পারেননি বলে জানিয়েছেন কিছু কর্মকর্তা। কেরালায় এক আরটিআই আবেদনের প্রেক্ষিতে 'মানুষ ও অন্যান্য প্রাণীদের স্বাস্থগত বিপর্যয় ও পরিবেশের ধ্বংসের' কারণ উল্লেখ করে কৃষি মন্ত্রণালয়ের সচিব এস কুলশ্রেষ্ঠ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি আরো জানান, ৩৭টি কীটনাশক এখন তাদের 'পর্যবেক্ষনে' রয়েছে। এর মধ্যে এমন কীটনাশকও রয়েছে যেগুলি ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমের অন্যত্র পাখির জন্য ক্ষতিকারক প্রমাণিত হওয়ায় নিষিদ্ধ ঘোষিত হয়েছে। ভারতে এবারের নিষিদ্ধ কীটনাশকগুলির মধ্যে রয়েছে অলড্রিন, বেনজিন হেক্সাক্লোরাইড, ক্যালসিয়াম সায়ানাইড, ক্লোরডেন, কপার সেটোরসেনাইট, সিব্রোমোক্লোরোপ্রোপেন, এনড্রিন, ইথেল মারকারি ক্লোরাইড, ইথাইল প্যারাথিন, হেপ্টাক্লোর, মেনজাওন, নাইট্রোফেন, প্যারাকোয়াট ডাইমিথাইল সালফেট, পেন্টাক্লোরোফেনল, ফিনাইল মারকারি এসিটেট,, সোডিয়াম মিথেন আরসোনেট, টেট্রাডিফন, টোক্সাফেন, অ্যালডিকার্ব, ক্লোরোবেনজিলেট, ডাইএলড্রিন, মেলিস হাইড্রাজাইড, ইথিলিন ডাইব্রোমাইড ও টিসিএ বা ট্রাইক্লোরো অ্যাসেটিক অ্যাসিড। কীটনাশক জমির গুণ নষ্ট করে বলে অভিযোগ উঠেছে বহুদিন ধরে। এটি পরিবেশের ক্ষতি ছাড়াও কৃষক ও উৎপাদিত পণ্যের ভিতরেও ক্ষতিকর উপাদান ছড়িয়ে দেয় যা মারাত্মক স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করে। খৃষ্টপূর্ব আড়াই হাজার আগে পৃথিবীর প্রথম কীটনাশক ব্যবহৃত হয় বলে ধারণা করা হয়। প্রায় সাড়ে ৪ হাজার বছর আগে সুমেরীয় অঞ্চলে সালফার বা গন্ধককে কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো। ১৫ শতকের দিকে আর্সেনিক, পারদ ও সীসার মতো বিষাক্ত পদার্থও কীট বিনাশের জন্য ব্যবহার করা হয়। তামাক পাতা থেকে নেওয়া নিকোটিন সালফেট কীটনাশক হিসেবে ব্যবহার করা হতো ১৭ শতকে। উনবিংশ শতকে দুটি কীটনাশক ব্যবহার করা যা প্রাকৃতিক। এর একটি ক্রিসেনথিমাস থেকে নেওয়া পাইরেথ্রাম ও অন্যটি কিছু শাকসব্জী থেকে নেওয়া রোটেননেম। ১৯৩৯ সালে পল মুলার ডিডিটি আবিষ্কার করেন। প্রথমে কীটনাশক হিসেবে এটি দারুন কার্যকর দেখা যায়। কিন্তু ১৯৬০ এর দশকে দেখা যায়, ডিডিটির কারণে জীববৈচিত্র্য হুমকির মুখে পরছে। বর্তমানে কমপক্ষে ৮৬টি দেশে ডিডিটি নিষিদ্ধ। তবে এখনো বিশ্বের অনেক দেশে এর ব্যবহার রয়েছে। বিশেষ করে ম্যালেরিয়া ও অন্যান্য রোগের জীবানুবাহী মশা ও অন্যান্য কীট বিনাশের জন্য এর ব্যবহার অব্যাহত রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখা যায়, ১৯৫০ এর দশকের পর এ পর্যন্ত কীটনাশকের ব্যবহার বেড়েছে ৫০ গুন। এখন প্রতি বছর বিশ্ব জুড়ে শিল্প কারখানায় তৈরি আড়াই মিলিয়ন টন কীটনাশক ব্যবহার হয়ে থাকে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমআইআর/১৮৩৭ ঘ