২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোকচিত্রে নূরজাহান বেগমকে জন্মদিনের শুভেচ্ছা

'বেগম' শব্দটির আভিধানিক অর্থ বিবাহিত মুসলিম নারী বা মুসলিম রানী, সম্রাজ্ঞী। কিন্তু বাংলাদেশে 'বেগম' শব্দটি তার আভিধানিক অর্থ হারিয়ে হয়ে উঠেছে নূরজাহান বেগমের সমার্থক এক শব্দ। 'বেগম' নামের নারী বিষয়ক প্রথম পত্রিকাটি তার হাত ধরে পেরিয়ে এসেছে দীর্ঘ ৬০টি বছর। দেশের নারীরা যে এখন পুরুষদের পাশাপাশি সাংবাদিকতায় সাহসী অবদান রাখছে তার শুরুটা হয়েছিল এই বেগম এর কল্যাণেই। আর নূরজাহান বেগমই তার পথিকৃত। সোমবার তিনি পা দিলেন ৮২ বছরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 11:35 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- 'বেগম' শব্দটির আভিধানিক অর্থ বিবাহিত মুসলিম নারী বা মুসলিম রানী, সম্রাজ্ঞী। কিন্তু বাংলাদেশে 'বেগম' শব্দটি তার আভিধানিক অর্থ হারিয়ে হয়ে উঠেছে নূরজাহান বেগমের সমার্থক এক শব্দ। 'বেগম' নামের নারী বিষয়ক প্রথম পত্রিকাটি তার হাত ধরে পেরিয়ে এসেছে দীর্ঘ ৬০টি বছর। দেশের নারীরা যে এখন পুরুষদের পাশাপাশি সাংবাদিকতায় সাহসী অবদান রাখছে তার শুরুটা হয়েছিল এই বেগম এর কল্যাণেই। আর নূরজাহান বেগমই তার পথিকৃত। সোমবার তিনি পা দিলেন ৮২ বছরে। তার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজন করে 'নূরজাহান বেগমের জীবন ও কর্ম' শীর্ষক দিনব্যাপী এক আলোকচিত্র প্রদর্শনীর। পুরোধা আলোকচিত্রী সাঈদা খানম ও নবীন আলোকচিত্রী সালমা আহমেদের ৩০টি আলোকচিত্র এই প্রদর্শনীতে স্থান পায়। সেসব আলোকচিত্রে উঠে এসেছে নূরজাহান বেগমের জীবনের নানা দিক। প্রদর্শনী উদ্বোধনীর শুরুতেই নূরজাহান বেগমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন মাধ্যমে কর্মরত নারী সাংবাদিকরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের উপদেষ্টা সিতারা মূসা, সহ সভাপতি দিল মনোয়ারা মনু, সভাপতি নাসিমুন আরা হক মিনু ও আলোকচিত্রীদ্বয় প্রমুখ। জন্মদিনে নূরজাহান বেগম তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, "সারাজীবন যার আদর্শে আমি অনুপ্রাণিত হয়েছি তিনি বেগম রোকেয়া। এরপর একে একে সে পথে হেঁটেছেন সুফিয়া কামাল, জাহানারা ইমামরা। আজ সে পথে হাঁটছে অনেকেই। কিন্তু এর শুরুটা ছিলো খুবই বন্ধুর পথ। আজ নারীরা অনেক স্বাধীন। তাই এখন সময় হয়েছে সম্মিলিতভাবে আরও সামনে এগিয়ে যাওয়ার। নারী সাংবাদিকদের সব বাধা ও প্রতিবন্ধকতা ঠেলে সামনে এগিয়ে যেতে হবে। নারী নির্যাতন ও যৌতুকসহ দেশের সব সমস্যা নিয়ে কলম ধরতে নারীদের। সবাই মিলে চেষ্টা করতে হবে সমাজ উন্নয়নের।" কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু বলেন, "ছোট্ট পরিসরে হলেও দেশের সবচেয়ে বর্ষীয়ান নারী সাংবাদিকের জন্মদিন পালন করতে পেরে আমরা আনন্দিত। সাংবাদিকতা পেশাটি খুবই চ্যালেঞ্জিং। অনেকেই এতে হাল ছেড়ে দেয়। কিন্তু নূরজাহান আপা ছাড়েননি। তিনি দেখিয়েছেন আমাদের আলোর পথ। বেগম পত্রিকার মাধ্যমে তিনি নারীদের সামনে খুলে দিয়েছেন একটি জানালা। সেই জানালা দিয়ে নারীরা দেখছে বাইরের আলো।" সাঈদা খানম তার বক্তব্যে আলোকচিত্রী পেশায় নিজেকে জড়ানো প্রসঙ্গে নূরজাহান বেগমের অনুপ্রেরণার কথা উল্লেখ করেন। অন্য আলোকচিত্রী সালমা আহমেদ জানান, স্নাতোকোত্তর পর্যায়ে পড়াশোনার সময়ে গবেষণার বিষয় হিসেবে তিনি বেছে নিয়েছিলেন নূরজাহান বেগমকে। সেসময় তিনি তাকে দেখেছেন খুব কাছ থেকে, ক্যামেরার মাধ্যমে বন্দি করেছেন তাকে শৈল্পিক আলোয়। তিনি জানান, তখনকার তোলা তার ছবি থেকে বাছাই করা ১০টি ছবি স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। বিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএন/এসডি/১৭২৮ ঘ.