২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অঙ্গুলি সঙ্কেতে!

আপনার সন্তানের তর্জনী ও অনামিকার দৈর্ঘ্য বিচার করেই বলে দেওয়া সম্ভব গনিতে ও সাহিত্যে সে কেমন হবে। লন্ডনের ইউনিভঅর্সিটি অফ বাথ এর মনোবিজ্ঞান বিভাগের কিছু বিজ্ঞানীর গবেষণায় উঠে এসেছে এই চমকপ্রদ তথ্যটি। খবর বৃটিশ একটি ওয়েবসাইটের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 05:08 PM

Updated : 26 Apr 2022, 02:24 PM

বিজ্ঞানী ডক্টর মার্ক ব্রসনান এর নেতৃত্বে ওই গবেষকদল সম্প্রতি ৭৫ জন শিশুকে নিয়ে একটি গবেষণা চালান। তারা দেখতে পান, যেসব ছেলের অনামিকার চেয়ে তর্জনীর দৈর্ঘ্য কম তারা সংখ্যাগত বিষয়, যেমন গনিতে অনেক দক্ষ, আর মেয়েদের মধ্যে যাদের তর্জনী ও অনামিকা প্রায় একই মাপের তারা সাক্ষরতা তথা লেখালেখিতে ভাল ফল করে। ওই সব ছাত্রছাত্রীর অ্যাসাইনমেন্ট টেস্টের ফলাফলের উপর ভিত্তি করে এই পরীক্ষা চালানো হয়।

ব্রিটিশ জার্নাল অফ সাইকোলজিতে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হবে খুব শিগগিরই।

বিজ্ঞানীরা বিশ্বাস করেন, আঙ্গুলের দৈর্ঘ্যরে সাথে ফলাফলের এই যোগসুত্রের পেছনে টেস্টোটেরোন ও ইস্ট্রোজেনের ভুমিকা রয়েছে। মাতৃগর্ভে থাকার সময়েই এসব হরমোন মস্তিষ্কের গঠন ও আঙ্গুলের গঠনে যুগপৎ প্রভাব রাখে।

ব্রসনান বলেন, “ টেস্টোটেরন মস্তিষ্কের সেই অংশের উন্নয়নে কাজ করে যা অধিকাংশ সময়েই গানিতিক দক্ষতার সঙ্গে সম্পর্কিত।”

“একইভাবে ইস্ট্রোজেন মস্তিষ্কের সেই অংশের উপর প্রভাব রাখে যার মাধ্যমে কথা বলার দক্ষতার সঙ্গে সম্পর্কিত। এবং মজার ব্যাপার হলো এসব হরমোন একই সঙ্গে অনামিকা ও তর্জনির গঠনেও প্রভাব রাখে।”

গবেষণার আগে শিশুদের হাতের তালুর ফটোকপি সংগ্রহ করেন গবেষকরা এবং তারপর তাদের উভয় হাতের তর্জনী ও অনামিকার মাপ নেন ক্যালিপারের মাধ্যমে। এই যন্ত্রটি ০.০১ মিলিমিটার পর্যন্ত সুক্ষ মাপ গ্রহণ করতে পারে।

এরপর গবেষকরা তর্জনীর দৈর্ঘ্যকে অনামিকার দৈর্ঘ্য দিয়ে ভাগ করে তাদের সংখ্যা অনুপাত বের করেন। এর সাথে যখন তাদের অ্যাসাইনমেন্ট টেস্টের ফলাফলের তুলনা করেন তখন দেখতে পান যে যাদের অনুপাত কম তাদের সাথে বেশি অনুপাতের শিশুদের গনিত ও সাহিত্যের ফলাফলে ব্যাপক পার্থক্য।