২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শচীনকে লিচু পাঠানোর বিনিময়ে টিকেট পান এক ভক্ত

ফি বছর প্রিয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে হাজারখানে লিচু পাঠায় বিহারের সুধীর কুমার চৌধুরী। এই শচীন ভক্ত এর বিনিময়ে শচীনের খেলা দেখার টিকিটগুলো পেয়ে যান অনায়াসে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2007, 04:18 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

ক্রিকেট পাগল সুধীর একবার হুমকি দিয়েছিলেন ভারতীয় সবগুলো ম্যাচ দেখার নিশ্চয়তা যদি তিনি না পান তাহলে আত্মহত্যা করবেন। তার নিজের শরীরে ভারতীয় পতাকা পেইন্ট করে খেলা দেখতে হাজির হন তিনি। ২৬ বছর বয়স্ক এই বিহারীকে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামেও দেখা গেছে সহর্ষ ধ্বনি দিতে।

ভারতীয় সবগুলো ম্যাচের দর্শক সুধীর বলেন, “আমার জীবন ক্রিকেটের জন্য উৎসর্গ করেছি। এবং এ সিদ্ধান্ত বদলানোর কোন সুযোগ নেই।”

চৌধুরী বলেন, “ শচীন আমাকে কথা দিয়েছে দেশে যতগুলো আন্তর্জাতিক ম্যাচ হবে তার সবগুলোর টিকেটের ব্যবস্থা সে আমাকে করে দেবে। সে তার কথা রেখেছে। আমার কাছে সে দেবতার মতো।”

এ্ই দেবতার প্রতি তার ভক্তির নিদর্শন হিসেবে প্রতি গ্রীষ্মে চৌধুরী ভারতে টেন্ডুলকারের মুম্বাইয়ের বাসায় গিয়ে লিচু নৈবদ্য দিয়ে আসেন।

সুধীর জানান, “২০০৪ সাল থেকে প্রতি বছর তাকে আমি হাজারখানে লিচু উপহার দিয়ে আসছি। এই টেস্টম্যাচ থেকে দেশে ফিরতে ফিরতে লিচু পেকে যাবে। এবং আমি ১ হাজার লিচু নিয়ে যাব তার কাছে।”

শুধু যে শচীনই তার লিচু ভোগ করেন তা নয়। বীরেন্দ্র শেবাগ, সৌরভ গাঙ্গুলিকেও তিনি লিচু উপহার দিয়ে থাকেন। হরভজন সিং ও যুবরাজ সিংকেও কথা দিয়েছেন এ বছর তাদেরও লিচু দেবেন।

এবারের সিরিজটি দেখার জন্য মোজাফফরপুর থেকে সাইকেলে চড়ে বাংলাদেশে এসেছিলেন সুধীর।

তবে একটা বিষয় নিয়ে খুবই ভাবিত সুধীর। শচীন তো তার কথামতো সব খেলারই টিকেট তাকে যুগিয়ে যাচ্ছেন। কিন্তু শচীন যখন অবসর নেবেন তখন তার খেলা দেখার কী হবে।

চৌধুরী বলেন, “ গত বছর শচীন দেশে একটা ম্যাচও খেলেনি। ফলে গত বছর আমারও খেলা দেখা হয় নি। কারণ একমাত্র সেই আমাকে টিকেট দেয়। এরপর আমি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পাওয়ার এর সাথে দিল্লিতে তিনবার দেখা করি। তার কাছে অনুরোধ করি আমাকে সারাজীবনের জন্য টিকেটের ব্যাপারে নিশ্চয়তা দিতে। আমি তো টাকা পয়াসা কিছু চাই নি।”

গত বছর এপ্রিলে পাওয়ারের সাথে তার সেই সাক্ষাৎ ফলপ্রসু হয়নি।

“উনি আমাকে দুবার ফিরিয়ে দিলেন। এরপর অন্য একজনের নামে আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম। আমার পেইন্ট করা শরীরটা চাদরে ঢেকে গেলাম তার কাছে। তারপর চাদরটা শরীয়ে ফেললাম। তাকে পরিষ্কার করে বললাম, আমাকে ভারতের সবকটা আন্তর্জাতিক ম্যাচ খেলার টিকেট না দিলে আমি আত্মহত্যা করবো। উনি আমাকে অনেক বোঝালেন, কিন্তু টিকেটের ব্যাপারে কোন নিশ্চয়তা দিলেন না।”

চৌধুরী এখনো অবিবাহিত। জানালেন, চিরকুমার থাকাই তার সিদ্ধান্ত।

বললেন, “বিয়ে করে একটা মেয়ের জীবন আমি নষ্ট করতে চাই না। কারণ সারাক্ষন হেথা হোথা ঘুরে বেড়াই খেলা দেখতে। শচীন অবসর নেয়ার পরও আমি ভারতীয় টিমকে উৎসাহ দেয়ার জন্য খেলা দেখেই যাবো।”

চৌধুরী মোজাফরপুরে একটা দুগ্ধ খামারে কাজ করতেন, পরে পরীক্ষা পাস করে শিক্ষক হয়েছেন। তবে ক্রিকেট দেখার নেশায় তাকে চাকরি ছাড়তে হয়েছে। “আমি এখন অন্যের সাহায্য নিয়ে দিন গুজরান করি।” এটা বলতে কোনরকম লজ্জাও করলেন না তিনি। তবে তার আয়ের উৎস সম্পর্কে আর কিছু বলেননি তিনি।