শিল্পাচার্য জয়নুল আবেদিনের মৃত্যুবার্ষিকী সোমবার
তিনি ছিলেন বাংলাদেশে প্রাতিষ্ঠানিক শিল্পকলা চর্চার পথিকৃৎ। ১৯৪৮ সালে চারুকলা ইনস্টিটিউট (তৎকালীন গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্টস অ্যান্ড ক্রাফটস) প্রতিষ্ঠার মাধ্যমে তিনি খুলে দিয়েছিলেন এদেশে শিল্পচর্চার পথ।
এই দূরদর্শী শিল্পী বুঝতে পেরেছিলেন শিল্পকলাচর্চা ছাড়া একটা জাতি কখনো এগিয়ে যেতে পারে না। এদেশের শিল্পকলা চর্চায় তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে দেওয়া হয় ‘শিল্পাচার্য’ উপাধি। তিনি জয়নুল আবেদিন। সোমবার তার ৩১তম মুত্যুবার্ষিকী।
জয়নুলের জন্ম ১৯১৪ সালে ময়মনসিংহ জেলায়। ব্রহ্মপুত্র নদের খোলা হাওয়ায় বেড়ে ওঠা জয়নুল ছোটবেলা থেকেই মজে ছিলেছিলেন প্রকৃতির রসরূপে। তার শিল্পীমন প্রকৃতি মধ্যেই খুঁজে বেড়ায় নন্দনতত্ত্বের ব্যাখ্যা। শিল্পী হওয়ার বাসনায় ১৯৩৩ সালে ভর্তি হন কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুলে। কিন্তু ব্রহ্মপুত্রের স্মৃতি তাড়িয়ে বেড়ায় তাকে। তুলির আঁচড়ে ফুটিয়ে তুলতে থাকেন তার দেখা ব্রহ্মপুত্রের রূপ। ১৯৩৮ সালে সেগুলো অল ইন্ডিয়া এক্সিবিশনে প্রদর্শিত হলে তাকে সম্মানিত করা হয় গভর্নস গোল্ড মেডালে। এই পুরস্কার তাকে এনে দেয় গভীর আত্মবিশ্বাস। তিনি আঁকতে শুরু করেন নিজস্ব ধারায়।
১৯৪৭ সালে ভারত বিভক্তির পর জয়নুল ঢাকা চলে আসেন। সবদিক দিয়ে বঞ্চিত পূর্ব পাকিস্তানে তিনি তার কয়েকজন সহকর্মীর সহায়তায় প্রতিষ্ঠা করেন আর্ট ইন্সটিটিউট।
জয়নুলের তুলিতে সবসময় উঠে এসেছে আবহমান বাংলার প্রকৃত রূপ। গ্রাম বাংলার লোকজ সংস্কৃতি, পরিশ্রমী মানুষের অভিব্যক্তি, দুর্ভিক্ষ তিনি তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন জীবন্তভাবে।
১৯৭৫ সালে জয়নুল ঢাকার অদূরে সোনারগাঁয়ে প্রতিষ্ঠা করেন একটি লোকশিল্প জাদুঘর এবং নিজ শহর ময়মনসিংহে গড়ে তোলেন আরেকটি জাদুঘর যেটি এখন শিল্পাচার্য জয়নুল আবেদিন জাদুঘর নামে পরিচিত।
১৯৭৬ সালের ২৮ মে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে কবর দেওয়া হয়।
