অস্ট্রেলিয়ায় ছাত্রদের হিন্দি ভাষা শিখতে আগ্রহী করছে বলিউড
সিডনি বিশ্বাবিদ্যালয়ের চালু করা ‘সেন্টার ফর কন্টিনিউইং এডুকেশন (সিসিই)’ কার্যক্রমের মধ্যে হিন্দি ভাষা শিক্ষা কোর্সে ছাত্রদের ভর্তি হার বাড়ছে। এর পেছনে বলিউডের বিশেষ প্রভাব আছে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র- শিক্ষক। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
২০০৬ সাল থেকে চালু করা এই কোর্সের শিক্ষক হচ্ছেন ডক্টর ফিলিপ ক্লাক্সটন। তিনি বলেন, “হিন্দি ভাষা শেখার জন্য বেশ ইদানীং অনেক ছাত্র ভর্তি হয়েছে। সত্যি বলতে কি, বলিউড মুভিগুলো হচ্ছে এর অন্যতম কারণ।”
সিডনি বিশ্ববিদ্যালয়ের দাতব্য কার্যক্রম হিসেবে চালু আছে এই সিসিই কার্যক্রম। সাধারণ মানুষদের ছোট ছোট কোর্সের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান ও গবেষণা কার্যক্রমের দক্ষতা বৃদ্ধিই এর প্রধান উদ্দেশ্য। প্রতি বছর সিসিই ৪টি সাধারণ কর্মসূচী প্রকাশ করে। প্রতিটিতে থাকে ২৬০ কোর্স।
হিন্দি ভাষা শিক্ষার ছাত্রী হোয়ার্ড শিবুয়া জানান, “ হিন্দি ভাষা শিক্ষা বেশ মজার। একজন ভাষা শিক্ষার্থী হিসেবে আমি মনে করি এই শিক্ষা আমাকে সংস্কৃতির আদান প্রদানের পাশাপাশি উচ্চমর্গীয় চিন্তার খোরাকও যোগাবে।”
ক্লাক্সটন বলেন, ”দেখা গেছে ছাত্রছাত্রীদের মধ্যে যাদের সঙ্গী/প্রেমিক হিন্দি, উর্দু বা পাঞ্জাবী ভাষা জানে তারা অথবা প্রাচীন ধর্ম সম্পর্কে যারা জানতে চায় তারাই এই ভাষা শেখার ব্যপারে বেশি উৎসাহী। এছাড়া যারা ভারত বা পাকিস্তানে গিয়ে কোন কাজ করতে চায় তারাও এই ভাষা শেখে।”
বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে ক্লাক্সটন ‘ইন্দো লিঙ্ক’ নামে একটি নৃতাত্ত্বিক ম্যাগাজিনের সঙ্গে যুক্ত ছিলেন।
বর্তমানে একটি প্রকাশনা সংস্থার সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী ক্লাক্সটনের আগ্রহ হচ্ছে বৈষ্ণব ধর্ম চর্চায় যা তাকে হিন্দুধর্ম ও দেবনাগরী হস্তলিপি বিষয়ে কিছু আবিষ্কারের প্রেরণা যোগাচ্ছে।
