১৩৮ বছর পার করলেন হাবিব মিয়া
লিমকা বুক অফ রেকর্ডস এ সবচেয়ে বয়স্ক ভারতীয় হিসেবে যার নাম উঠেছে তিনি হাবিব মিয়া। রোববার তার ১৩৮ তম জন্মদিন পালিত হলো জয়পুরে। বিভিন্ন এলাকা থেকে লোকজন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হন তার বাসায়। খবর হিন্দুস্তান টাইমসের।
জন্মদিন উপলক্ষে হাবিব মিয়া একটা কেক কাটেন। পোড়ানো হয় আতশবাজি, ওড়ানো হয় ১৩৯টা বেলুন। রাজস্থান মাইনরিটি কমিশনের চেয়ারম্যান সর্দার জসবির সিংসহ মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের অনেকে গণ্যমান্য ব্যাক্তি হাবিব মিয়ার বাসায় হাজির হন এ উপলক্ষে।
গিয়েছিলেন অনেক সাংবাদিকও। পিটিআই এর সঙ্গে আলাপকালে অনেক সরস মন্তব্য করেন হাবিব।
সাংবাদিকরা তার খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে চাইলে মিয়া বলেন, “সব ধরনের খাবারই আমি খাই।” তবে মাংসের প্রতি যে তার বিশেষ দুর্বলতা রয়েছে সে কথাও স্বীকার করেন তিনি। বয়সের কথা ভেবেও তৈলাক্ত খাবার ছেড়ে দেন না হাবিব।
বরং হাবিব মিয়া মজা করে বলেন, “গোস্ত রুটি খাও, আল্লাহ কি গুন গাও।”
খুবই আশাবাদী মানুষ হাবিব মিয়া। কিছুদিন আগে তার কোমরের হাড় ভেঙেছিল। তার চিকিৎসা করেন অস্থিবিষয়ক শল্যচিকিৎসক ডক্টর আর কে ভার্মা। ভার্মা বলেন, “হাবিব ওই দুর্ঘটনা থেকে খুব দ্রুতই সেরে ওঠেন।”
খুব ছোট্ট একটা বাসায় হাবিবের পরিবারের সদস্যরা বাস করে। তার শহরে একবার প্রেসিডেন্ট এ পি জে আবদুল কালাম বেড়াতে এলে তার কাছে থাকার জন্য একটা ভাল বাসার আবেদন করেছিলেন হাবিব।
সে আবেদন কাজে না লাগলেও হাবিব মিয়া খুশি। “প্রেসিডেন্ট আমার সাথে বেশ কিছুক্ষন কথা বলেছিলেন”, এটাই তার সুখ।
