একুশ শতকের নতুন জ্বালানি লাভের সহজ উপায়
অ্যালুমিনিয়াম ও গ্যালিয়াম দিয়ে তৈরী গুলটি পানিতে ডুবিয়ে নিখাদ হাইড্রোজেন তৈরী করা সম্ভব। গ্যাসলিন চালিত ইঞ্জিনের বিকল্প হিসেবে এটা ব্যবহার করা সম্ভব। তথ্যটি জানিয়েছেন আমেরিকার কিছু বিজ্ঞানী।
দেখা গেছে জ্বালানির মধ্যে হাইড্রোজেন সবচেয়ে পরিবেশবান্ধব। একারণেই হয়তো আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছিলেন, হাইড্রোজেন হচ্ছে আগামী দিনের জ্বালানি। তবে জ্বালানি হিসেবে হাইড্রোজেন কীভাবে উৎপন্ন হবে আর কীভাবেই তা মজুদ রাখা যাবে তা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেননি বৈজ্ঞানিকরা।
তবে ওই যৌগপদার্থের গুলটি দিয়ে হাইড্রোজেন তৈরি সম্ভব বলে দাবি করেছেন আমেরিকার ইন্ডিয়ানার পুরডু বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী জেরি উডল। তিনি বলেন, “এই পদ্ধতিতে যখন দরকার হবে তখনই কেবল হাইড্রোজেন উৎপন্ন করা যাবে। এটি মজুদ করা যাবে না।”
পুরডু’র ডিসকভারি পার্কের এনার্জি সেন্টারের প্রকৌশলবিদ্যার অধ্যঅপক জে গোরও বলেন, “হাইড্রোজেন উৎপাদন ও ব্যবহারের অনেকগুলো উপায়ের মধ্যে এটাই সবচেয়ে বাস্তবায়নযোগ্য। এটা খুবই সহজ তরিকা। কিন্তু কেউ এর আগে এটা নিয়ে কাজ করে নি।”
পুরডু বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীরা ধারণা করছেন, এই পদ্ধতি ছোট ইঞ্জিন -- যেমন ঘাস কাটার যন্ত্র বা ইলেক্ট্রনিক করাত ইত্যাদিতে -- ব্যাবহার করা সম্ভব হবে। তবে তারা মনে করেন এটা গাড়ি বা ট্রাকেও গ্যাসোলিন বা হাইড্রোজেন ফুয়েল সেলের বিকল্প হিসেবে কাজ করবে।
