২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তমাশ্চর্যের তালিকায় তাজমহল কি থাকবে?

৭/৭/৭ অর্থাৎ এ বছরের জুলাই মাসের ৭ তারিখে বিশ্বের সপ্তমাশ্চর্যের নতুন তালিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে সুইজারল্যান্ডের জুরিখের একটি সংস্থা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 05:55 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

এই তালিকায় ভারতের তাজ মহল নাও থাকতে পারে বলে আশংকা দেখা দিয়েছে। তালিকায় থাকতে তাকে পেতে হবে কমপক্ষে ৩০ কোটি ভোট। ভারতীয় একটি ওয়েবসাইট সূত্রে জানা গেছে এ খবর।

দি নিউ সেভেন ওয়ান্ডারস ফাউন্ডেশন (ঘ৭ড) এর আগে ভোটাভুটির ভিত্তিতেই ২১টি বিষয়বস্তু তালিকাভুক্ত করে। সেখানে মোট ভোটের মাত্র ১.৬ ভাগ ভোট পেয়েছিল তাজ মহল।

জুলাইয়ের ৬ তারিখ পর্যন্ত ওই ২১ টি স্থাপনার উপর ভোট গ্রহণ করা হবে অনলাইনে। তার ভিত্তিতে তৈরি করা হবে নতুন সপ্তম আশ্চর্যের তালিকা।

এন সেভেন ডব্লিউর তালিকায় যেসব স্থাপনার নাম রয়েছে তার মধ্যে আছে-ভারতের তাজ মহল, চীনের মহাপ্রাচীর, জাপানের কিওমিজু মন্দির, পেরুর মাচু পিচু, জাপানের কিওমিজু, সিডনির অপেরা হাউজ, যুক্তরাষ্ট্রের দি স্ট্যাচু অফ লিবার্টি, প্যারিসের আইফেল টাওয়ার, মালির টিম্বুকুটু, মিশরের পিরামিড। এর মধ্যে মিশরের পিরামিডকে সপ্তমাশ্চর্যের তালিকায় এমনিতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এনসেভেনডব্লিউ ২০০১ সালে এর প্রচারণা শুরু করে। ২০০৫ সালের শেষে সংস্থার প্যানেল ৭৭টি নমিনি থেকে ২১টি স্থাপনার তালিকা চুড়ান্ত করে। প্যানেলের সভাপতি এবং ইউনেস্কোর সাবেক মহাপরিচালক অধ্যাপক ফেদেরিকো মেয়র ২০০১ সালের ১ জানুয়ারি এই ২১ টি স্থাপনার নাম ঘোষনা করেন। জুলাইয়ের ৭ তারিখে পর্তুগালের রাজধানী লিসবনে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন তালিকা ঘোষণা করা হবে।

বিশ্বজুড়ে অসংখ্য মানুষের ভোটে এই সপ্তমাশ্চর্য নির্বাচিত হলেও অতীতে সপ্তমাশ্চর্য ঘোষণা করেছিলেন একজন ব্যাক্তি। খৃষ্টপূর্ব ২০০ সালে বাইজান্টিয়ামের ফিলন ওই তালিকা ঘোষণা করেন। তার তালিকায় জায়গা পেয়েছিল যে ৭টি স্থাপনা সেগুলি হলো : আলেকজান্দ্রিয়ার লাইটহাউজ, আর্টেমিসের মন্দির, তাজমহল, ব্যাবিলনের শুন্যোদ্যান, হ্যালিকার্নাসাসের মোসলিয়াম, জিউসের মুর্তি ও মিশরের পিরামিড।

নতুন তালিকায় তাজ মহল জায়গা পাবে কিনা তা নিয়ে ঘোর সংশয় দেখা দিয়েছে। কারণ ২১টি স্থাপনার যে তালিকা করা হয়েছে তার ২০ নম্বরে এর অবস্থান। আই মিডিয়া কর্পোরেশনের নির্বাহী পরিচালক ভরত কাপাডিয়া তাজমহলকে সপ্তমাশ্চর্যে জায়গা করে দেওয়ার জন্য ব্যপক প্রচারণার উদ্যোগ নিয়েছেন।

২১ মে এ উপলক্ষে শুরু হবে প্রচারাভিযান। এ জন্য এ আর রহমান বিশেষ সঙ্গীতও রচনা করেছেন। এই গান সম্বলিত মিউজিক ভিডিও টিভিতে দেখানো হবে। ভারতের ১৫টি শহরে এ উপলক্ষে কনসার্টেরও আয়োজন করা হবে এ উপলক্ষে।

কাপাডিয়া বলেন, “আমাদের পেতে হবে ৩০ কোটি ভোট। কিন্তু ভারতের মোবাইল ল্যান্ডলাইন ও ইন্টারনেটের সংযোগ সব মিলিয়ে ১৫ কোটির বেশি নয়।”