জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে মোহাম্মদ সাইদুরের স্বপ্নের সংগ্রহশালা
সংগ্রাহক মোহাম্মদ সাইদুর কিশোরগঞ্জের বিন্নগাঁয়ে নিজের বসতবাড়িতে একটি লোকঐতিহ্য সংগ্রহশালা গড়ে তোলার স্বপ্ন দেখেছেন আজীবন। ১৯৮৬ সালে লোকঐতিহ্য বিশারদ হেনরি গ্লসিকে দিয়ে সেই সংগ্রহশালার উদ্ভোধনও করিয়েছিলেন তিনি। কিন্তু তার পরিসর ছিল একেবারেই সীমিত। সাইদুরের মৃত্যুর পর এবার তার সেই সংগ্রহশালা জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে।
বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করা হয়।
১৮ সদস্যের এই ট্রাস্টি বোর্ডে সভাপতি হিসাবে থাকছেন শিল্পী কাইয়ুম চৌধুরী। শামসুজ্জামান খান, করুণাময় গোস্বামী, রামেন্দু মজুমদার, আক্কু চৌধুরী, মফিদুল হক ও সাইদুরের পারিবারিক প্রতিনিধি হারেসউজ্জামান থাকছেন বোর্ডের স্থায়ী সদস্য হিসেবে। বাকি ১১ সদস্যের মধ্যে আসাদুজ্জামান নূর ও রবিউল হুসাইনও রয়েছেন।
সাইদুরের স্বপ্নের সেই লোক--ঐতিহ্য সংগ্রহশালা নির্মাণের মূল দায়িত্বে থাকবে মুক্তিযুদ্ধ জাদুঘর। মোহাম্মদ সাইদুরের পরিবারের সম্মতি, সহযোগিতা ও সম্পৃক্ততায় সংগ্রহশালার কাজ পরিচালিত হবে। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ট্রাস্টি বোর্ড লোকশিল্প সংগ্রহের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ থেকে জানানো হয়, ট্রাস্টি বোর্ড সাইদুরের লোকঐতিহ্য সংগ্রহশালা নির্মাণের ধারনা ও রূপরেখা প্রণয়ন করবে এবং প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে এর বাস্তবায়ন করবে।
সংগ্রাহক মোহাম্মদ সাইদুর ২০০৭ সালের ৪ মার্চ মারা যান।
