২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চা’য়ের দেশ চীনে কফির আগ্রাসন

দু ইয়ানসেং দক্ষিন চীনের দ্বীপ হাইনান এর একজন কৃষক। এরকম একটি সকালও এখন তার যায়না যেদিন তিনি কফি পান করেন না ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 06:08 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

রয়টার্সকে দেয়া এক সাক্ষাতকারে ইয়ানসেং বলেন, “প্রথম দিকে চীনে কফি পান করাকে পশ্চিমা বিলাস বলে অবজ্ঞা করা হত। কিন্তু চীনের লোকজন কখনই কফি পান বন্ধ করেননি। এখন তো তারা কফি পানে রীতিমত অভ্যস্থ।”

ইয়ানসেং এর বাবাও ছিলেন চীনের প্রথম দিককার কফি চাষীদের একজন যিনি ইন্দোনেশিয়া থেকে ১৯৫০ সালে কফির বীজ এনে চীনে বপন করেছিলেন। তবে চীনে তার কিছুদিন পূর্বে ‘নেসলে’ এবং ‘স্টারবাক’ প্রথম কফি চাষের প্রচলন শুরু করে।

জাপানের কফি ব্যবসায়ী টোমোনোরি হাশিমতো জানান, চীনের দক্ষিনাঞ্চলের প্রদেশ ইউনান এর আ্যরাবিকা কফি এখন বাজারে স্টারবাকের সংগে সমান তালে বিক্রি হচ্ছে। ক্রমেই এ কফির চাহিদা বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে।

সরকারিভাবে সংরক্ষিত তথ্য থেকে জানানো হয় এ বছরের গোড়ার দিকে যেখানে কফি রপ্তানির পরিমান ছিল ৪ হাজার টন সেখানে এখন এটি বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪ শ’ চুরাশি টনে।

কুনমিং এর একজন কফি ব্যবসায়ী ঝাউ ঝিহাউ বলেন “১৯৯৮ সালে যখন ব্যবসা শুরু করি তখন সারা মাসে কফির বিক্রি ছিল দশ কেজি। আর এখন এই পরিমান কয়েক টন। এতেই কফির জনপ্রিয়তার চিত্রটা বোঝা যায়।”

বর্তমানে চীনের শহুরে তরুনরা ক্রমেই কফির দিকে ঝুঁকছে এবং এ সংখ্যা বাড়ছে হুহু করে।