‘শওকত ওসমানের কলম ছিল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে’
শওকত ওসমানকে স্মরণ করতে গিয়ে শিল্পী হাসেম খান আওড়ালেন ‘যদি থাকে দাড়ি টুপি/পাপ করা যায় চুপিচুপি।’ বললেন: অন্ধ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে এভাবেই জ্বলে উঠেছিল শওকত ওসমানের লেখনী। তার লেখায় সবসময়ই উঠে এসেছে আমাদের নাড়ির কথা, গ্রাম বাংলার কথা। ‘জননী’ ও ‘ক্রীতদাসের হাসি’ নামক অসাধারণ উপন্যাসের স্রষ্টা তিনি। তিনি শওকত ওসমান।
১৪ মে ছিল এই অসাধারণ স্রষ্টার নবম মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালে তিনি মারা যান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শওকত ওসমান স্মৃতি পরিষদ বুধবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে স্বরণসভার আয়োজন করে। সভায় অনেকেই তার কর্মময় জীবন, সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন।
“শওকত ওসমান জীবনের একটা সময় মাদ্রাসায় পড়াশুনা করলেও কখনোই ধর্মীয় গোঁড়ামি তাকে চেপে বসেনি। তিনি সবসময়ই ছিলেন আধুনিক ও মুক্তমনের মানুষ।” অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী এভাবেই বর্ননা করলেন শওকত ওসমানকে। তিনি স্মৃতিচারণ শেষে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গরীব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শওকত ওসমান বৃত্তি চালুর ঘোষণা দেন। আব্দুল মান্নান চৌধুরী বর্তমানে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
শিল্পী রফিকুন নবী তাকে লেখা শওকত ওসমানের দুটি চিঠি পড়ে শোনান। তিনি শওকত ওসমানের সান্নিধ্য পাওয়ার কথা জানাচ্ছিলেন: “শওকত ওসমান ছিলেন এক অসাধারণ মানুষ। আমাকে খুবই পছন্দ করতেন। প্রায়ই খুব সকাল বেলা আমাকে ফোন করে তার নতুন লেখাটি শোনাতেন। নানান বিষয় নিয়ে কথা হতো তার সঙ্গে।”
শওকত ওসমানের আসল নাম শেখ আজিজুর রহমান। লেখালেখির জন্য তিনি শওকত ওসমান নামটি বেছে নেন। তিনি একাধারে ছিলেন শিক্ষাবিদ, উপন্যাসিক, নাট্যকার, ছোটগল্পকার, কবি।
পশ্চিমবঙ্গের হুগলি জেলায় ১৯১৭ সালের ২ জানুয়ারি তার জন্ম। ১৯৪১ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে øাতকোত্তর ডিগ্রি নেন। এর ফাকে কিছুদিন ‘কলকাতা করপোরেশন’ এ ক্লার্ক পদে চাকরি করেন। øাতকোত্তর ডিগ্রি লাভের পর শিক্ষক হিসেবে যোগ দেন সরকারি কমার্শিয়াল কলেজে। ১৯৪৭ সালের দেশভাগের পর তিনি স্থায়ীভাবে চলে আসেন পূর্ব পাকিস্তানে। যোগ দেন চট্টগ্রামের কমার্স কলেজে। সেখান থেকে ১৯৫৯ সালে ঢাকা কলেজে। ১৯৭২ সালে ঢাকা কলেজ থেকে অবসর নেন।
শওকত ওসমানের পুত্র স্থপতি ইয়াফেস ওসমান ও অধ্যাপক বুলবন ওসমান অনুষ্ঠানে বাবার কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ওয়ালী-উর- রেহমানও জানান শওকত ওসমানের কথা।
স্মৃতিচারণের ফাঁকে ফাঁকে ছিল শওকত ওসমানের রচনা থেকে পাঠ। অতিথিরা স্মৃতি পরিষদের পক্ষ থেকে ‘শওকত ওসমান বৃত্তি’ তুলে দেন চেতনা পরিষদের শাহীদা আক্তারের হাতে।
শওকত ওসমানের উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে ‘জননী’, ‘ক্রীতদাসের হাসি’, ‘সমাগম’, ‘রাজা উপাখ্যান’, ‘জাহান্নাম হইতে বিদায়’, ‘দুই সৈনিক’, ‘রাজপুরুষ’।
ছোটগল্পের সংকলনের মধ্যে রয়েছে জানু আপা ও অন্যান্য গল্প, মনিব ও তাহার কুকুর ও ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী।
‘মুসলিম মানসের রূপান্তর’, ‘সংস্কৃতির চড়াই উৎরাই’ তার প্রবন্ধ সংকলনের দুটি । নাটকের মধ্যে রয়েছে ‘আমলার মামলা’ ও ‘পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা’।
বাচ্চাদের জন্য লিখেছেন ‘ওতেন সাহেবের বাংলো’, ‘পঞ্চসঙ্গী’ ইত্যাদি। ‘নিজস্ব সংবাদদাতা প্রেরিত’Ñ তার একটি রম্য রচনা। এ ছাড়া তিনি লিখেছেন স্মৃতিকথা এবং বাংলায় অনুবাদ করেছেন অনেক উপন্যাস ও ছোটগল্প।
তিনি বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২), আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬৬), প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড (১৯৬৭), একুশে পদক (১৯৮৩), মুক্তধারা সাহিত্য পুরস্কার (১৯৯১), স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৭) সহ অনেক পুরস্কার পেয়েছেন।
