দারফুর শরণার্থীদের জন্য ১ মিলিয়ন ডলার দান করেছেন ব্যাঞ্জেলিনা
ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি সুদানের দারফুরের যুদ্ধবিধস্ত এলাকার শরণার্থীদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।
শরণার্থীদের জন্য ১ মিলিয়ন ডলার দান করেছেন এই জুটি। জোলি পিট ফাউন্ডেশনের মাধ্যমে এ অর্থ জাতিসংঘের রিফিউজি এজেন্সি ইন্টারন্যাশনাল রেসক্যু কমিটি, আন্তর্জাতিক এনজিও ও এসওএস শিশু পল্লীতে জমা হবে। এদের মাধ্যমে শরণার্থীদের কাছে পৌছবে এই সাহায্য। খবর এপির।
ব্রাঞ্জেলিনার এই উদ্যোগের প্রসংশা করেছেন ইউএনএইচসিআর এর যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয় অঞ্চলের আঞ্চলিক প্রতিনিধি মিশেল গাবাউদিয়ান। তিনি বলেন, “ মাস কয়েক আগে চাদের কিছু উদ্বাস্তু শিবির ঘুরে গেছেন এঞ্জেলিনা জোলি। তারপরই এই সহৃদয় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। তারা যে ওই হতভাগ্য মানুষগুলোকে ভুলে যান নি এই দান তা প্রমাণ করে।”
জাতিসংঘের রিফিউজি এজেন্সির গুডউইল অ্যাম্বাসেডর জোলি তিনবার দারফুর পরিদর্শন করেছেন। শেষবার তিনি গত ফেব্রুয়ারিতে সেখানে যান। সে যাত্রায় এসওএস শিশুপল্লীর কিছু সদস্য ও উদ্বাস্তু শিশুদের সঙ্গে সাক্ষাৎ হয় তার।
