সোনার বাংলা চিলড্রেন হোমের কিছু পদ্মফুল
নিষিদ্ধ পল্লীতে জন্ম তাদের, কিন্তু এর ক্লেদ তাদের স্পর্শ করেনি। জন্ম হোক যথা তথা/ কর্ম হোক ভালোর যে প্রবচন আমরা শুনি তার উজ্জল উদহরণ তারা।
এদের একজন হোসনে আরা আসমা এখন ঢাকার একটি মহিলা কলেজের এইচএসসি’র প্রথম বর্ষের ছাত্রী। ২০০৬ সালে বাণিজ্য বিভাগ থেকে এসএসসি'তে এ গ্রেড পেয়ে সে ঢাকা ভর্তি হয়েছে। শুধু লেখাপড়াই নয়, নাচ-গান এবং মার্শাল আর্টেও সে পারদর্শী। তার এই স্বপ্ন পূরণ করেছে ‘সোনার বাংলা চিলড্রেন হোম’। পঙ্ক থেকে পঙ্কজ বা পদ্মফুল সৃজন ও পরিচর্যায় ব্যস্ত এই হোম। বেসরকারি উন্নয়ন সংস্থা এসএসএস এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছে।
শুধু আসমা নয়। এ রকম প্রায় ৪৮ জন মেয়েসহ ৯০ জন ছেলে মেয়ে এই প্রতিষ্ঠানের আবাসিক ব্যবস্থাপনায় লেখাপড়া করছে। এদের অধিকাংশের ইচ্ছে ভবিষ্যতে ডাক্তার হবে। প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত এখানে পড়াশুনা শেষ করে তারা সবাই পাশের উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়। এসএসসি শেষ করার পরও কেউ পড়াশুনা করতে চাইলে তাদের কলেজে ভর্তির ব্যবস্থা করেন স্থানীয় প্রশাসন। শুধু তাই নয়, কর্মসংস্থান এবং বিয়ের ব্যবস্থাও এখান থেকে হয়ে থাকে।
হ্যাপী আক্তার নদী ৩য় শ্রেণীর ছাত্র। ৪ মাস হলো এখানে এসেছে। একই শ্রেণীর ছাত্রী পপি আক্তার শারমীন ৪ বছর যাবৎ এখানে আছে। হ্যাপী, পপি এবং ৫ম শ্রেণীর ছাত্র দীপ্তি আক্তার রীমা, নিশি আক্তার মীম সবারই ইচ্ছে লেখাপড়া শেষ করে তারা একদিন ডাক্তার হবে। ৪ বছর এখানে থেকে পড়াশুনা করে এখন পশের ছোট বাশালিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ওমর ফারুক সেন্টু’রও ইচ্ছে ডাক্তার হবে। তবে একই শ্রেণীর ছাত্র সাইফুল ইসলাম আরিফের ইচ্ছে সেনাবাহিনীতে চাকুরী করবে।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমীন আক্তার জানান, ছাত্র-ছাত্রীরা পড়াশুনার ব্যাপারে খুবই আন্তরিক এবং মনোযোগী। বিদ্যালয়েই তাদের পড়া শিখিয়ে দেয়া হয়। চিলড্রেন হোম-এর অধ্যক্ষ মো. মেহেদী আনোয়ার জানান, হোম এর ৯০ জন ছাত্র ছাত্রীর মধ্যে এবার এসএসসি দিয়েছে ৭ জন। লেখাপড়ার পাশাপাশি ছাত্র ছাত্রীদের মাছ, হাঁস-মুরগী পালন, সব্জি চাষ, ডেইরি ফার্ম, মোমবাতি ও কলম তৈরি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। তারা আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে।
টাঙ্গাইল শহরের কান্দাপাড়ায় দেশের বৃহত্তম নিষিদ্ধ পল্লীতে প্রায় সহস্রাধিক যৌনকর্মীর বসবাস। দারিদ্র আর প্রতারণার শিকার হয়ে নিষিদ্ধ পল্লীতে আশ্রয় নেয়া এসব যৌন কর্মীরা অসুস্থ ও নোংরা পরিবেশে মানবেতর জীবন যাপন করছে। তাদের গর্ভজাত সন্তানেরাও এ অসুস্থ পরিবেশে বড় হয়ে সমাজে অস্থিরতা ও সন্ত্রাস সৃষ্টি করছে। অস্বাস্থ্যকর ও অমানবিক পরিবেশে জন্ম নেয়া এ শিশুদের উদ্ধার করে টিভিএইচ নেদারল্যাণ্ডস ও এসএসএস-এর যৌথ আর্থিক সহযোগিতার ১৯৯৮ সালে একশ শিশু নিয়ে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়িতে নিজস্ব ৯ একর জমির ওপর প্রতিষ্ঠা করেছে “সোনার বাংলা চিলড্রেন হোম এণ্ড প্রাইমারি স্কুল”। শিশুদের আবাসন, খাদ্য, বস্ত্র, শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদানের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে সমাজে পুনর্বাসন করাই এ প্রকল্পের লক্ষ্য।
টাঙ্গাইল নিষিদ্ধ পল্লী থেকে রবিউল ও জনিকে ১৯৯৮ সালে নিয়ে আসা হয়েছিল। “সোনার বাংলা চিলড্রেন হোম” থেকে অন্যদের সঙ্গে লেখাপড়ার পাশাপাশি করিগরী প্রশিক্ষণ নিয়ে এরা বড় হতে থাকে। ড্রাইভিং এ ভালো করায় জনিকে এসএসএস হাসপাতালের এম্বুলেন্স চালক এবং রবিউলকে প্রধান কার্যালয়ের মাইক্রোবাসের চালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সে সময় একই এলাকা থেকে নিয়ে আসা হয় শিশু নার্গিস আর রুনাকে। একই সঙ্গে হোমে বেড়ে ওঠা এ দু’জন লেখাপড়ায় ততটা মনোযোগী ছিল না। সংস্থার উদ্যোগে ২০০৫ সালের ২৩ নভেম্বর পূর্ণ আনুষ্ঠানিকতায় সমাজের সকল স্তরের গণমান্য ব্যক্তিদের সম্মতি ও উপস্থিতিতে রবিউল ও নার্গিস এবং জনি ও রুনার বিয়ে দেয়া হয়। এদের সমসাময়িক সময়ে আসা রিতা নাচ-গান-অভিনয় ও কারাতে পারদর্শী। সুদর্শনা রিতাকে পছন্দ করে বিয়ের প্রস্তাব করেন এক হৃদয়বান তরুণ। তার পিতা-মাতা, আত্মীয়-স্বজন ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ে হয় একই বছর ২৫ ডিসেম্বর।
এসএসএস-এর উপ-পরিচালক এম এ লতিফ মিয়া জানান, সোনার বাংলা চিলড্রেন হোমের শিশুদের জন্য নিরাপদ আবাসন ব্যবস্থা, আহার ও পোশাক সরবরাহ, নিয়মিত স্বাস্থ্যসেবা, বয়ঃসন্ধিকালীন শিক্ষা, আনুষ্ঠানিক শিক্ষা, লাইফ স্কিলস প্রশিক্ষণ, মৎস্য চাষ, শাক সবজি চাষ, হাঁস-মুরগী-কবুতর পালন, গবাদি পশু পালন, মৌ পালন, মোম ও কলম তৈরি, বই খাতা বাইণ্ডিং সেলাই, ড্রাইভিং প্রশিক্ষণ, আত্ম রক্ষার জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ, খেলাধুলা, চারুকলা ও সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা রয়েছে। এ ছাড়া স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ, চিত্ত বিনোদন ও ক্রীড়া প্রতিযোগিতার সুবিধা রয়েছে।
