পল সেজানের ছবি বিক্রি হলো রেকর্ড মূল্যে
বিখ্যাত চিত্রকর পল সেজানের একটি জলরং ছবি বিক্রি হয়েছে ২৫.৫ মিলিয়ন ডলারে। নিউ ইয়র্কে এক নিলামে বিক্রি হয় এটি। খবর এএফপি’র।
নিলামকারী প্রতিষ্ঠান সোথবে আশা করেছিল ‘স্টিল লাইফ উইথ এ গ্রিন মেলন’ শীর্ষক এই ছবিটি ১৪ থেকে ১৮ মিলিয়ন ডলারে বিক্রি হবে। ধারণার চেয়ে বেশি মূল্যে বিক্রি হওয়ায় তারা আনন্দিত। ছবিটির ক্রেতার নাম প্রকাশ করেনি সোথবে।
এই নিলামেই পাবলো পিকাসোর ‘হেড অফ এ হার্লেকুইন’ নামের একটি ছবি বিক্রি হয়। এক কিশোরের এই প্রতিকৃতির দাম ওঠে ১৫.১ মিলিয়ন ডলার।
নিউ ইয়র্কে চলতি মৌসুমে ইমপ্রেশনিস্ট, মডার্ন ও কন্টেম্পোরারি আর্ট বিক্রির ক্ষেত্রে ব্যবসা খুব একটা ভালো যাবে না বলে আশংকা করা হচ্ছে।
