ফ্যালকন স্কটের চিঠি, ৯৫ বছর পরে
দক্ষিন মেরু বিজয় করতে দিয়ে সদলবলে মারা গিয়েছিলেন রবার্ট ফ্যালকন স্কট ১৯১২ সালে। মৃত্যুর আগে স্ত্রী ক্যাথলিনের কাছে লিখেছিলেন এক আবেগমাখা চিঠি।
ওই মেরু অভিযাত্রীর মৃত্যুর ৯৫ বছর পরে সেই চিঠি জনসমক্ষে প্রকাশ করা হবে শিগগিরই। লন্ডনের দি টেলিগ্রাফ জানিয়েছে এ খবর।
চিঠিটি স্কটের সঙ্গেই ছিল দীর্ঘদিন। ১৯১৩ সালে তার মৃতদেহউদ্ধারের পর ক্যাথলিন ৬ পৃষ্ঠার ওই চিঠি হাতে পান। মৃত্যু আসন্ন জেনে চিঠিতে স্কট লিখেছেন, তার স্ত্রী যেন দ্বিতীয় বিয়ে করেন এবং তার সন্তানের যত্ন নেন। সন্তানকে প্রকৃতিবিদ্যা চর্চার ক্ষেত্রে উৎসাহিত করার অনুরোধ করেন তিনি।
স্কট যখন মারা যান তখন তার ছেলে পিটারের বয়স ছিল ৯ মাস। স্যার পিটার স্কট পরে বিশিষ্ট প্রকৃতিবিদ হিসেবে পরিচিতি লাভ করেন। ক্যাথলিন পরে লয়েড জর্জ সরকারের এক সদস্য ব্যারন কেনেটকে বিয়ে করেন।
লন্ডনের দি টেলিগ্রাফ জানায়, স্কটের উত্তরসূরীরা বলেছে, এই চিঠিসহ স্কটের আরো কিছু চিঠি তারা কেমব্রিজ ইউনিভার্সিটির স্কট পোলার ইনস্টিটিউটে দিয়ে দিতে চায়।
এ মাসের শেষদিকে চিঠিটি প্রদর্শন করা হবে।
