শিকাগোর বিলবোর্ডে বিবাহ বিচ্ছেদের আহ্বান
অভিনব এক বিলবোর্ড ঝোলানো হয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে। বিলবোর্ডের বক্তব্য দেখে চোখ কপালে উঠেছে শহরবাসীর।
বিশেষ করে আইনজীবীরা খাপ্পা হয়েছেন এ ধরনের বিলবোর্ড দেখে। বিলবোর্ডে বিবাহবিচ্ছেদের জন্য বিবাহিতদের প্রতি আহ্বান জানানো হয়েছে। শিকাগো সান টাইমস পত্রিকা প্রকাশ করেছে এ খবর।
বিলবোর্ডের একদিকে সুস্বাস্থ্যের অধিকারী এক লোক এবং অন্যদিকে সুন্দরী এক নারীর ছবি। আর মাঝে লেখা : “জীবনটা ছোট। সুতরাং বিবাহ বিচ্ছেদ করে ফেলুন।”
বিলবোর্ডে এই বিজ্ঞাপনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মহিলা আইনজীবী করি ফেটম্যানের টেলিফোন নম্বর দেয়া আছে।
বিবাহ সংক্রান্ত প্রতিষ্ঠান আমেরিকান অ্যাকাডেমি অফ ম্যাট্রিমনিয়াল অ্যাটর্নিজ এর প্রতিষ্ঠাতা জো ডুকান্টো সবিস্ময়ে বলেছেন, “ এটা এই পেশার প্রতি খুবই ..খুবই ভয়ানক প্রভাব ফেলবে। খুবই অমর্যাদাকর এটা।”
তিনি বলেন, “ এই পেশায় ভাল করার সুযোগ মহিলাদেরও আছে। তাদের এ জন্য পেশায় সময় দিতে হবে। তা না করে এ ধরনের কাজ করলে তা কোন সুফল বয়ে আনবে না।”
পথে আসতে যেতে যাদের চোখে পরে এই বিলবোর্ড তারাও এর ছবি আর বক্তব্যের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
লিসা প্রাইসের অফিসের জানালা থেকে চোখ পরে এই বিলবোর্ডে। তিনি বলেন, “ এই বিলবোর্ডের কারণে পারিবারিক মূল্যবোধ বিপর্যয়ের মুখে পরছে। আমার মনে হয় এটা খুবই অরুচিকর।”
