২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড পেলেন মেজর ইমরান

প্রথমবারের মতো চালু হওয়া রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড পেলেন সেনাবাহিনীর মেজর ইমরান ইবনে রউফ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 07:47 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

গত ২৬ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজারের বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি) ভবনে আগুন লাগার সময় দুঃসাহসিকতার সঙ্গে অসংখ্য মানুষের জীবন বাঁচানোর কারণে মেজর ইমরানকে এ সম্মান জানানো হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব মঙ্গলবার এ অনুষ্ঠানের মধ্য দিয়ে মেজর ইমরানের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

বিশ্ব রেডক্রস রেড ক্রিসেন্ট দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজ মিলনায়তনে আলোচনা সভা, রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড প্রদান, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বক্তারা বিশ্ব রেডক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। ৮ মে ছিল ডুনান্টের ১৭৯ তম জন্মদিন।

প্রধান অতিথির বক্তব্যে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব বলেন, বাংলাদেশের রেড ক্রিসেন্টের এক লাখ ৬৫ হাজার যুব কর্মী মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারাদেশে রেড ক্রিসেন্টের দুটি মেডিকেল কলেজ এবং একাধিক ক্লিনিক এবং মাতৃসদন রয়েছে।

তিনি বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটিতে গণতন্ত্র এবং মানবতার চর্চা হয়।

চেয়ারম্যান বলেন, এরপর থেকে প্রতি বছর যেকোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংস্থা মেজর ইমরানের মতো বিরল সাহসী ও মানবকল্যাণমূলক কাজ করলে তাদের এই অ্যাওয়ার্ড দেওয়া হবে।

মেজর ইমরানকে রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড ২০০৭ দেওয়া প্রসঙ্গে সোসাইটির মহাসচিব ম. শফিউল আলম বলেন, ২৬ ফেব্রুয়ারি যখন বিএসইসি ভবনে আগুন লাগে তখন সঙ্গে সঙ্গে মেজর ইমরান তেজগাঁও থেকে তার সদস্যদের নিয়ে দুর্গত মানুষকে সাহায্যের জন্য চলে এসেছিলেন। তিনি তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তা পোশাক ছাড়াই ভবনের ৫, ৭, ১১ তলা থেকে অসংখ্য মানুষের জীবন রক্ষা করেন।

তার উপস্থিত বুদ্ধি, বিচক্ষণতা ও অসীম সাহসিকতার কারণে তাকে ২০০৭ সালের জন্য রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এই পুরস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের অন্যান্য ক্ষেত্রে কর্মরত নাগরিকরাও উৎসাহিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে পুরস্কার নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় মেজর ইমরান বলেন, “আমার মতো বাংলাদেশের অন্য সেনা সদস্যরাও জীবন বাজি রেখে কাজ করেন। এই পুরস্কার আমাকে ভালো কাজ করার জন্য আরও অনুপ্রাণিত করবে।

এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে মানবতার জন্য ঐক্য (ঞড়মবঃযবৎ ভড়ৎ ঐঁসধহরঃু)। অনুষ্ঠানে জানানো হয়, রেড ক্রিসেন্ট আগামী চার বছর নতুন লোগো ব্যবহার করবে।

বিশেষ অতিথি ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস এর হেড অব মিশন ফিন রোদা বলেন, রেডক্রস ও রেড ক্রিসেন্ট বিশ্বের সব জাতি, ধর্ম, সম্প্রদায়ের জন্য কাজ করে। বিশ্বের সবচেয়ে বড় মানবতাবাদী সংগঠন হলো রেডক্রস ও রেড ক্রিসেন্ট।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহা পরিচালক মাসুদ মান্নান, একই সংগঠনের হেড অব ঢাকা সিলভারাত্নে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী আবদুল হক, কোষাধ্যক্ষ এসএম মুনীর লাবলু।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনটি পালনের জন্য দিনব্যাপী কর্মসূচি হাতে নেয়।

সোসাইটির জাতীয় সদরদপ্তরে জাতীয় ও রেড ক্রিসেন্ট এর পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করে সকাল ৭টায়। সাড়ে ৭টায় হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়। সকাল ১০টায় সোনালী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং বেসরকারি নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির ব্যবস্থা করে।

সাড়ে ১০টায় চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রদর্শনী। বেলা ১২টায় হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে দুস্থ রোগীদের মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। এ ছাড়া সারাদেশ থেকেও দিবসটি পালনের খবর পাওয়া গেছে।