হিমালয়ের আরেকটি শৃঙ্গ জয় করতে যাচ্ছে ৫ তরুণ
বাঙালির ঘরকুনো অপবাদ বোধহয় ঘুচতে চলেছে। কয়েক দিনের মধ্যে বাংলাদেশের তরুণদের আরেকটি দল রওনা হচ্ছে হিমালয়ের অন্য একটি পর্বতশৃঙ্গ জয় করতে। এদের লক্ষ্য আকাশ ছুঁয়ে থাকা ২০৩০০ ফুট (৬১৭৮ মিটার) উঁচু রুবাল কাং শৃঙ্গ।
আউটডোর অ্যাকটিভিটি কেন্দ্রীক সংগঠন ‘কেওক্রাডং বাংলাদেশ’ এর এই অভিযাত্রী দলে আছে ৫ জন। ভারতের হিমাচল প্রদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কুল্লু হিমালয়ের এই শিখরের উদ্দেশে এরা রওনা হচ্ছে ১২ মে।
কয়েক বছর ধরে বাংলাদেশের তরুনদের বেশ কয়েকটি দল দেশের ও বিদেশের বিভিন্ন পাহাড়-পর্বতে অভিযান শুরু করেছে। এইতো কয়েকদিন আগেই বিএমটিসি (বাংলা মাউন্টেনিয়ারিং এন্ড ট্রেকিং ক্লাব) এর একটি দল গেছে নেপালের চুল্লু ওয়েস্ট অভিযানে।
আয়োজকরা জানিয়েছেন, ‘শান্তির জন্য পর্বতারোহন’ এই মন্ত্র বুকে নিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি আঞ্চলিক সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উজ্জীবিত অভিযাত্রী দলটি। অভিযাত্রায় তাদের সঙ্গে যোগ দেবে ভারতের একটি দল। দুদেশের মিলিতভাবে পর্বতারোহনের চেষ্টা এটিই প্রথম।
বাংলাদেশ দলের অভিযাত্রীরা হলেন মুনতাসির মামুন ইমরান (দলনেতা), সিরাজুল হক সাগর, এআরকে রিপন, এনাম তালুকদার ও সাদ বিন হোসাইন। তাদের সহযাত্রী হচ্ছেন ভারতের ‘মাউন্টেনার্স এসোসিয়েশান অব কৃষ্ণনগর’ এর সাতজন।
৩২ দিনব্যাপী এ অভিযান শেষ হবে ১৪ জুন। বাংলাদেশ দলের অভিযানের স্পন্সর করছে এবি ব্যাংক লিমিটেড এবং দলের পরিবহন স্পন্সর হিসেবে রয়েছে জিএমজি এয়ারলাইন।
