২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পামেলার জন্য দুবাইয়ের দ্বীপ কিনছেন টমি

সাবেক স্ত্রী প্যামেলা এন্ডারসনের জন্য দুবাইয়ের বিলাসবহুল একটি দ্বীপ কিনছেন টমি লী জোন্স।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 05:00 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

দুবাইয়ের সমুদ্র তীরবর্তী এলাকায় দি ওয়ার্ল্ড প্রজেক্টের আওয়তায় তৈরি কৃত্রিম দ্বীপপুঞ্জের মধ্যে গ্রিস নামের দ্বীপটিই কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টমি আশা করছেন এই দ্বীপে তাদের দু সন্তান নিয়ে তারা মাঝে মাঝে কিছু সময় কাটাতে পারবেন। লন্ডনের ট্যাবলয়েড ডেইলি মিররকে টমি জানিয়েছেন এ কথা।

৪৪ বছর বয়স্ক রকশিল্পী টমি বলেন, “ গ্রিস নামের দ্বীপটি আমি কিনবো, কারণ আমি নিজে মুলত একজন গ্রিক। প্যাম এ কাজে আমাকে বেশ উৎসাহ জুগিয়েছে।” প্যামেলার বয়স এখন ৩৯।

“জীবনটা আবার সুখের হয়ে উঠছে। কারণ এখন আমি আমার ছেলেদের আবার দেখতে পাচ্ছি।” বলেছেন টমি। প্যাম-টমির দুটি ছেলে। ব্রান্ডনের বয়স ১০, ডিলান ৯।

১৯৯৫ সালে প্যাম ও টমির বিয়ে হয়। বিবাহ বিচ্ছেদ হয় ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে। তখন টমির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন প্যাম। এই সাবেক বেওয়াচ তারকা পরে আরো দাবি করেন যে টমির সঙ্গে একই সূচ ব্যবহারের কারণেই তিনি হেপাটাইটিস সিতে আক্রান্ত হন। সম্প্রতি এই জুটি সন্তানদের দিকে চেয়ে তাদের দীর্ঘদিনের বিবাদ ভুলে একত্র হয়েছেন।

টমির সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে গত গ্রীষ্মে মার্কিন সঙ্গীত তারকা কিড রককে বিয়ে করেন প্যামেলা অ্যান্ডারসন। কিন্তু মাত্র ৪ মাসের মাথায় গত নভেম্বরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

পশ্চিমের বিত্তশালীদের বসবাসের জন্য দুবাই ইতিমধ্যে একটা হটস্পট হয়ে উঠেছে। ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম ও ভিক্টোরিয়াও এখানে ছুটি কাটানোর জন্য একটা বাসা কিনে নিয়েছেন।

দি ওয়ার্ল্ড প্রজেক্টের আওতায় মোট ৩০০ টি দ্বীপ রয়েছে এখানে। সংযুক্ত আরব আমীরাতের দুবাইয়ের সমুদ্র তীরবর্তী এই কৃত্রিম দ্বীপপুঞ্জের গঠন বর্তমান পৃথিবীর মানচিত্রের মতো করে করা হয়েছে। সমুদ্র থেকে ড্রেজিং করে বালু নিয়ে এই দ্বীপগুলো বানানো হচ্ছে। ডেজিংয়ের কাজ শুরু হয়েছে ২০০৪ সালে। ২০০৭ সালের মার্চের মধ্যে শতকরা ৯০ ভাগ কাজ শেষ হয়েছে।

কৃত্রিম দ্বীপপুঞ্জ তৈরির এই অভিনব পরিকল্পনাটি এসেছে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মাথা থেকে।

এখানে প্রতিটি দ্বীপের সীমানা ২৩ হাজার বর্গমিটার থেকে ৮৪ হাজার বর্গমিটার পর্যন্ত। দুইটি দ্বীপের মাঝে পানির গভীরতা ৫০ থেকে ১০০ মিটার। দ্বীপগুলোতে চলাচলের বাহন নৌকা ও হেলিকপ্টার।

একেকটা দ্বীপের দাম ১৫ মিলিয়ন ডলার থেকে ৪৫ মিলিযন ডলার পর্যন্ত।