২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে রেস্টুরেন্ট চালু করলেন আশা ভোঁসলে

ভারতের কিংবদন্তীর গায়িকা আশা ভোঁসলে বৃটেনে তার প্রথম রেস্টুরেন্টটি চালু করলেন সম্প্রতি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2007, 06:10 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

এর আগে কুয়েত ও দুবাইয়ে তার চালু করা রেস্টুরেন্টের ব্যবসায়িক সফলতার কারণেই যুক্তরাজ্যে এ উদ্যোগ নিলেন তিনি। বার্মিংহামের কেন্দ্রস্থলে এই রেস্টুরেন্টের অবস্থান। লন্ডনের একটি পত্রিকা সুত্রে জানা গেছে এ খবর।

গায়িকা নিজে তিনমাস খেটে এর মেন্যু তৈরি করেছেন। এতে ঐতিহ্যবাহী ভারতীয় খাবারের পাশাপাশি সমসাময়িক ফ্লেবারের খাবারও পাওয়া যাবে। মেন্যুতে আশার প্রয়াত স্বামী রাহুল দেব বর্মনের কিছু প্রিয় খাবারও স্থান পেয়েছে।

‘কারি লাইফ’ নামের একটি খাবার দাবার বিষয়ক ম্যাগাজিনকে আশা বলেন, “ পাঞ্জাব থেকে কিছু, মহারাষ্ট্র থেকে কিছু এভাবে বিভিন্ন জায়গা থেকে বাছাই করে খাবারের মেন্যু তৈরি করেছি আমরা।”

৭৩ বছর বয়ষ্ক এই গায়িকা ইতিমধ্যে ৯০০টি ছবির গানে কন্ঠ দিয়েছেন। আশা জানান, “গান গাওয়ার ক্ষেত্রে তিনি যেমন নিষ্ঠা দেখান, রান্নাবান্নার ক্ষেত্রে একই রকম সিরিয়াস থাকেন তিনি।”

আশা বলেন. “আমার বাবা ছিলেন মঞ্চ শিল্পী ও ক্ল্যাসিকাল গায়ক। ভাল খাবার খেতে খুব পছন্দ করতেন উনি। প্রত্যেকদিন সকালে মুরগি থাকতো তার নাস্তায়। সন্ধ্যায় মাছ। তার সঙ্গে আমরাও ওসব খাবার খেতাম। ভাল খাবার খাওয়ার একটা রুচি আমাদেরও গড়ে উঠেছে এভাবে। এখন আমি প্রতিদিন ওরকম খাই না। কিন্তু ভাল কিছু রাঁধতে আমার খুব ভাল লাগে।”

৪ বছর আগে দুবাইয়ে আশা ভোঁসলে তার প্রথম রেস্টুরেন্টটি চালু করেন। এরপর কুয়েতে। তিনি পরিকল্পনা করছেন চলতি বছরের শেষের দিকে লিচেস্টার, ম্যানচেস্টার ও লন্ডনেও রেস্টুরেন্ট চালু করবেন।