২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরো-বাংলা ফিউশন রেসিপি ও রান্না প্রতিযোগিতা

রসনা বিলাসে মৌলিক এবং সৃষ্টিশীল রাঁধুনীর খোঁজে রোববার টমি মিয়া’স ইনস্টিটিউট অফ হসপিটালিটি ম্যানেজমেন্টে অনুষ্ঠিত হলো ইউরো বাংলা ফিউশন রেসিপি এবং রান্না প্রতিযোগিতা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 07:32 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

৯ মে ইউরোপীয় ইউনিয়নের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে যৌথভাবে ইউরোপিয়ান কমিশন, টমি মিয়া ইনস্টিটিউট এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট।

চুড়ান্ত পর্বে ৬ জন প্রতিযোগী রান্নার সরঞ্জাম নিয়ে বেলা সাড়ে ১১টায় লেগে পড়েন জুরি বোর্ডের মন জয় করার খাবারটি রাঁধতে।

সময় মাত্র ৯০ মিনিট। এর ভেতরই খাবার তৈরি হয়ে হাজির হয়ে যায় টেবিলে। জুড়ি বোর্ডের সদস্যরা সেগুলো চেখে দেখার জন্য ঝাঁপিয়ে পড়েন। জুড়ি বোর্ডের সদস্য ছিলেন সুইডেনের রাষ্টদূত ব্রিট ফকম্যাস হ্যাগস্ট্রম, বৃটিশ হাই কমিশনের ডেপুটি কমিশনার স্টিফেন ব্রিজেস, ইউএনবির প্রধান নির্বাহী এনায়েতুল্লাহ খান, এএফপির ঢাকা ব্যুরো চিফ হেলেন রোয়ে এবং মাস্টার শেফ টমি মিয়া।

রান্নার স্বাদ ও সুঘ্রাণ, রেসিপির মৌলিকত্ব এবং তাতে ইউরোপীয় এবং বাংলাদেশীয় রন্ধন ঐতিহ্যের সমন্বয়, খাবার পরিবেশনা, রান্নাঘর ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও নিরাপত্তা ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে জুরিরা রায় দেন।

রায়ে সেরা রন্ধনশিল্পী বিবেচিত হন টমি মিয়া ইনস্টিটিউটের মর্জিনা আক্তার, দ্বিতীয় হন পর্যটন কর্পোরেশনের সালাউদ্দীন চৌধুরী এবং তৃতীয় হন টমি মিয়া ইনস্টিটিউটের শামীমা নাসরীন। ১২ মে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রতিযোগিতা সম্পর্কে টমি মিয়া বলেন, “সারা বিশ্বে এখন শেফের বিশাল চাহিদা। এরকম প্রতিযোগিতা আমাদের দেশের রান্নায় উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন ছেলে মেয়েদের সামনে সম্ভাবনার দুয়ার খুলে দেবে। ইউরোপীয় এবং বাংলাদেশী খাবারের ফিউশনের মাধ্যমে তারা ভোজন রসিকদের তৃপ্তির ঢেকুর উঠাবে।”