প্রথমবারের মতো ভারতীয় আমের স্বাদ পেলো ওয়াশিংটন
ফলের রাজা আম, বলি আমরা। একসময় ইংরেজসহ বিদেশীরা এদেশে এসে এই সুমিষ্ট ফলটি চেখে এর গুনগান করে গেছেন।
এর ইংরেজি ম্যাংগো নামটিও পতুর্গীজদের দেওয়া ‘মানকে’ থেকে এসেছে। অথচ বিশ্বসভায় বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতীয় উপমহাদেশের এই ফলটির সাথে আনুষ্ঠানিক যোগ ছিল না এতোদিন। এবার সেই দুরত্ব ঘুচল।
মঙ্গলবার প্রথমবারের মতো ভারতীয় আমকে বরণ করে নিল বুশ প্রশাসন। ভারত ও যুক্তরাষ্ট্র দুই জাতির মধ্যে বানিজ্যিক সহযোগিতায় নতুন মাত্রা এনে দিল এই রসালো ফলটি।
সম্প্রতি ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়াশিংটনে ভারতীয় রাষ্ট্রদূত রনেন সেন ও মার্কিন সরকারের বানিজ্য প্রতিনিধি সুসান শোয়াব এবং কৃষি সচিব মাইক জোহানস এই আমের স্বাদ পরখ করেন।
বিশ্বের মোট আম উৎপাদনের ৪০ ভাগই আসে ভারত থেকে। ১৯৮৮ সাল থেকে ভারত সরকার চেষ্টা করছিল তাদের আম মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানি করতে। কিন্তু মাছি ও অন্যান্য কীটপতঙ্গ থেকে রক্ষার জন্য জাহাজে তোলার সময় অতিবেগুনি রশ্মি ব্যবহার না করার কারণে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে আম আমদানীতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে এখন ভারত এ ব্যাপারে সম্মত হয়েছে।
মার্কিন কৃষি বিভাগ আশা করছে বছরে ভারত থেকে তারা ৪.৯ বিলিয়ন পাউন্ড আম আমদানি করতে পারবে।
এই সাফল্যে আনন্দিত শোয়াব বলেন, “এটা আমাদের পরিশ্রমের ফসল। আমাদের অন্য সব বানিজ্যিক আলোচনাও এভাবে সুফল বয়ে আনবে বলে আমি আশা করি।”
মার্কিন - ভারত বানিজ্যের ব্যাপারে শোয়াব আশাবাদী হলেও দোহাতে বানিজ্য আলোচানায় খামার পন্য ও কৃষি সাবসিডি বিষয়ে দুদেশের মধ্যে বিবাদের নিষ্পত্তি হয়নি এখনো।
