অশালীন আচরণের শাস্তির মাত্রা বাড়াতে চায় নিউ ইয়র্ক
পথে ঘাটে যারা অশালীন আচরণ করবে তাদের জরিমানা ও শাস্তির মাত্রা আরো বাড়ানোর জন্য সুপারিশ করেছেন নিউ ইয়র্ক সিটির আইনপ্রণেতারা। এ ধরণের অপরাধের মাত্রা বাড়ছে বলে তারা জানিয়েছেন।
এই প্রস্তাব বর্তমানে সিটির আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ পর্যালোচনা করে দেখছেন। ওই প্রস্তাবে অশোভন আচরণের জন্য সর্বোচ্চ ১ হাজার ডলার জরিমানা এবং ১ বছরের জেল এর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে এক্ষেত্রে শাস্তির পরিমাণ ৫০০ ডলার এবং তিন মাসের জেল। নতুন শাস্তির মাত্রা কার্যকর হলে অশোভন আচরণ আগের তুলনায় গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে।
২০০৬ সালে নিউ ইয়র্ক পুলিশ জনসমক্ষে অশোভন আচরণের জন্য ৫৫৬ জনকে গ্রেফতার করে। ২০০৫ সালে একই কারণে প্রেফতারের সংখ্যা ছিল ৪০৮।
কুইন্স এলাকার এক ডেমোক্র্যাট সদস্য পিটার ভ্যালোন বলেন, “আপনি বিশ্বাস করতে পারবেন না কত মহিলা এসে যে আমাকে তাদের উত্যক্ত হওয়ার ঘটনা জানায়।” ভ্যালোনই শাস্তি বাড়ানোর এ প্রস্তাব উত্থাপন করেছেন।
নিউ ইয়র্ক সিটি কাউন্সিলের পাবলিক সেফটি কমিটির একজন আইনজীবী এলিজাবেথ ডাবলিন উদ্বেগ প্রকাশ করে বলেন, বাচ্চাদের সামনেই এসব অশোভন ঘটনা ঘটছে। ফলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা জোরদার করাটা জরুরী হয়ে পরেছে।
কুইন্স এলাকায় সম্প্রতি একজন লোক ৯ থেকে ১১ বছরের দুই স্কুল বালিকা ও ১ বালকের উদ্দেশ্যে আপত্তিকর আচরণ করে এবং ওই দিনই পরে ১৩ বছরের এক বালিকাকে অপহরণ ও যৌন নিপীড়ন করে।
২০০৬ সালে অপারেটিং এক্সপোজার নামে একটি অভিযান শুরু করে নিউ ইয়র্ক পুলিশ। এর আওতায় ছদ্মবেশে পুলিশ সাবওয়ে থেকে ফ্লাশারদের পাকড়াও করে। এই কার্যক্রমে এখন পর্যন্ত ২৯ জন গ্রেফতার হয়েছে।
